উত্তর অ্যামেরিকার দক্ষিণাঞ্চলের দেশ মেক্সিকোর নারীদের পুরুষতন্ত্র ও নির্যাতনের সঙ্গে লড়াই করে পথ চলার গল্প নতুন নয়। এবার ফুটে উঠল দেশটির নারীদের করুণ পরিস্থিতির আরও এক ভয়াবহ চিত্র।
স্বয়ং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাওদিয়া শেইনবাম যৌন হেনস্তার শিকার হয়েছেন জনসমক্ষে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার নিজ বাসভবন থেকে মিনিস্ট্রি অব এডুকেশন ভবনে হেঁটে যাওয়ার যাওয়ার সময় এক ব্যক্তি কর্তৃক যৌন হেনস্তার শিকার হন শেইনবাম।
এ ঘটনায় বুধবার হেনস্তাকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন প্রেসিডেন্ট।
শেইনবামকে হেনস্থার ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভিডিওতে দেখা যায়, চলতি পথে সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন প্রেসিডেন্ট। ওই সময় পেছন থেকে এক ব্যক্তি শেইনবামের বুকের দিকে জড়িয়ে ধরেন এবং চুমু খাওয়ার চেষ্টা করেন। নিরাপত্তারক্ষীরা পদক্ষেপ নেওয়ার আগেই ওই ব্যক্তির হাত ধরে ফেলেন তিনি।
নিজের সঙ্গে ঘটে যাওয়া এ ঘটনায় দেশটির সাধারণ নারীদের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শেইনবাম।
তিনি বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘একজন প্রেসিডেন্টের সঙ্গে যদি এমন ঘটনা ঘটে, তাহলে দেশের অন্য তরুণ নারীদের সঙ্গে কি হতে পারে।’
এ সময় মেক্সিকার নারীদের যৌন হেনস্থার শিকার হলে নির্দ্বিধায় অভিযোগ জানাতে আহ্বান জানান তিনি।
নারীবাদিদের ক্ষোভ শেইনবামের দিকে
এ ঘটনায় নারী অধিকারকর্মীরা ভুক্তিভোগী শেইনবামের দিকেই আঙ্গুল তুলেছেন।
একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটলেও পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ায় শেইনবামকে ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা।
মেক্সিকোতে নারী হত্যা একটি গুরুত্বপূর্ণ সমস্যা। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালেই ৮২১ জন নারী হত্যাকান্ডের শিকার হন।
নারী অধিকারকর্মীদের মতে বাস্তবে এ সংখ্যা অনেক বেশি।
এসব হত্যাকান্ডের সঠিক বিচার ও তদন্ত না হওয়া নিয়ে আবারও প্রশ্ন তুলেছেন অধিকারকর্মীরা।