অধিকৃত পশ্চিম তীরে আমেরিকান আলোকচিত্রীকে পেটানোর পরদিন ফিলিস্তিনি বেসামরিক নাগরিক, ইউরোপীয় কূটনীতিক ও ফ্রান্সের এক মেয়রের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি সেটলার বা বসতি স্থাপনকারীরা।
বার্তা সংস্থ রয়টার্স জানায়, বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো নিশ্চিত করেছেন এ তথ্য।
প্রেভো জানান, গত শনিবার হামলার শিকার ব্যক্তিদের মধ্যে ছিলেন ফিলিস্তিনে নিযুক্ত বেলজিয়ামের কনসাল জেনারেল, ফ্রান্স ও পোল্যান্ডের কূটনীতিক এবং ক্যাথলিক সম্প্রদায়ের প্রতিনিধি।
হামলার শিকার ফ্রান্সের শহর অউলনোয়া-আয়মেরির মেয়র ভুক্তভোগী বার্নার্ড বোদু বলেন, ফিলিস্তিনের খ্রিষ্টান অধ্যুষিত তাইবেহ গ্রামের বাসিন্দাদের প্রতি সংহতি জানাতে তিনি জলপাই সংগ্রহ করছিলেন। ওই সময় মুখোশ পরা বসতি স্থাপনকারীরা এসে তাকে মাটিতে ফেলে দেন এবং তার ওপর হামলা চালান।
ওই ঘটনায় এক বিবৃতিতে বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দখলদার শক্তি হিসেবে ইসরায়েলি কর্তৃপক্ষের দায়িত্ব ফিলিস্তিনিদের সুরক্ষা দেওয়া, কূটনীতিক ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলাকারীদের বিচারের আওতায় আনা। সহিংস বসতি স্থাপনকারীদের দায়মুক্তির অবসান ঘটাতে হবে।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার এ হামলার নিন্দা জানিয়েছেন। তবে তিনি বলেছেন, কূটনীতিকদের সফরের আগে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করা উচিত ছিল। তার মতে, এতে সফরকারীদের নিরাপত্তা নিশ্চিত করা সহজ হতো।
ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল-শেখও হামলার নিন্দা জানিয়েছেন। তিনি ঘটনাটিকে ফিলিস্তিনিদের প্রতিদিনের সহিংসতার একটি উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
গত তিন বছরে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা বেড়েছে। অনেক সময় সাংবাদিক, অধিকারকর্মী ও বিদেশি পর্যবেক্ষকেরাও এসব হামলার শিকার হচ্ছেন।
এর আগে গত শুক্রবার পশ্চিম তীরে জলপাই সংগ্রহ করতে থাকা ফিলিস্তিনিদের ওপর হামলা চালান মুখোশ পরা কয়েক ডজন বসতি স্থাপনকারী। ওই সময় ঘটনাটি নিয়ে প্রতিবেদন করতে যাওয়া আমেরিকান নাগরিক ও ওয়াশিংটন পোস্ট-এর আলোকচিত্রী হেইডি লেভিনও হামলার শিকার হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বেলজিয়াম পশ্চিম তীর ও গোলান মালভূমিতে অবস্থিত ইসরায়েলি বসতিতে উৎপাদিত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। প্রেভো জানিয়েছেন, হামলার জন্য দায়ী ব্যক্তিদের পাশাপাশি তাদের সমর্থনকারীদের বিরুদ্ধেও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আরোপের জন্য চাপ দেবে বেলজিয়াম।
পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাচেই ভেইভিওর জানান, পোলিশ কর্মকর্তাসহ কূটনীতিকদের বহনকারী একটি গাড়িবহরে হামলা হয়েছে। তবে পোল্যান্ডের কূটনীতিকেরা নিরাপদ আছেন।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।