যুক্তরাজ্যের ক্যামব্রিজশায়ার শহরে শনিবার বিশাল ছুরি নিয়ে ট্রেনে হামলা চালিয়ে কয়েকজনকে আহত করেছেন এক ব্যক্তি।
দি আইরিশ নিউজ জানায়, এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ক্যামব্রিজশায়ার কনস্ট্যাবুলারি জানায়, শনিবার রাত সাতটা ৩৯ মিনিটে কল পেয়ে হান্টিংডন স্টেশনে যান পুলিশ কর্মকর্তারা।
প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘটনাটিকে ‘গভীর উদ্বেগজনক’ আখ্যা দিয়ে লোকজনকে পুলিশের উপদেশ মেনে চলার তাগিদ দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে একটি স্টেশনের পার্কিংয়ের জায়গায় বেশ কিছু নীল আলোর পুলিশের গাড়ি ও জরুরি যানবাহন দেখা যায়। সশস্ত্র পুলিশের একটি দলকে হান্টিংডন স্টেশনের স্টেশনারি ট্রেনের দিকে ছুটে যেতে দেখা যায়।
দ্য টাইমসের প্রতিবেদনে জানানো হয়, প্রত্যক্ষদর্শীরা বিশাল ছুরি হাতে থাকা এক ব্যক্তিকে দেখেছেন। এ তাণ্ডব থেকে বাঁচতে লোকজন টয়লেটে লুকিয়ে ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের একজন সংবাদমাধ্যমটিকে জানান, হামলাস্থলের ‘সর্বত্র রক্ত’ ছিল এবং পালানোর সময় লোকজন পদদলনের শিকার হন।
ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, তারা হান্টিংডনমুখী একটি ট্রেনের একটি ঘটনায় সাড়া দিচ্ছেন, যেখানে কয়েকজন ব্যক্তি ছুরিকাঘাতের শিকার হয়েছেন। পুলিশ সদস্যরা দুজনকে গ্রেপ্তার করেছেন।
লন্ডন নর্থ ইস্টার্ন রেলওয়েতে চলাচলকারী ট্রেনটি পিটারবোরো স্টেশন ছাড়ার পরপরই হামলা শুরু হয় বলে মনে করা হচ্ছে।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ ঘটনায় গভীরভাবে দুঃখ প্রকাশ করে লোকজনকে শুরুতেই মন্তব্য করা ও জল্পনা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।
ঘটনার পর হান্টিংডন স্টেশন বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল রেল। সব লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।