হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের ওপর হামলা, যেখানে ছিলেন ট্রাম্প

টিবিএন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৭ ২০২৫, ০:২০ হালনাগাদ: মার্চ ৭ ২০২৬, ১:৩১

হোয়াইট হাউসের কাছাকাছি এলাকায় বুধবার ন্যাশনাল গার্ডের দুই সদস্য গুলিবিদ্ধ হওয়ার পর হলুদ ট্যাপের পেছনে অবস্থান বাহিনীর সেনাদের। ছবি: রয়টার্স

হোয়াইট হাউসের কাছাকাছি এলাকায় বুধবার ন্যাশনাল গার্ডের দুই সদস্য গুলিবিদ্ধ হওয়ার পর হলুদ ট্যাপের পেছনে অবস্থান বাহিনীর সেনাদের। ছবি: রয়টার্স

  • 0

রয়টার্স জানায়, হামলার সময় গুলিতে আহত হন সন্দেহভাজন, যাকে রাখা হয়েছে হেফাজতে।

হোয়াইট হাউসের কাছে বুধবার ন্যাশনাল গার্ডের দুই সেনার ওপর গুলি চালানো হয়েছে, যাকে ওত পেতে লক্ষ্যাভিমুখী হামলা আখ্যা দিয়েছেন কর্মকর্তারা।

রয়টার্স জানায়, হামলার সময় পাল্টা গুলিতে আহত হন সন্দেহভাজন, যাকে রাখা হয়েছে হেফাজতে।

বার্তা সংস্থাটির প্রতিবেদনে জানানো হয়, বন্দুক হামলার মুহূর্তে ডনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় ছিলেন।

ওই ঘটনার পর লকডাউনে চলে যায় গোটা হোয়াইট হাউস। মুহূর্তের মধ্যে এলাকাটিতে জড়ো হন ফেডারেল ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য।

মেট্রোপলিটন ‍পুলিশের অ্যাসিস্ট্যান্ট চিফ জেফ ক্যারল সংবাদ ব্রিফিংয়ে জানান, হোয়াইট হাউস থেকে কয়েক ব্লক দূরে সেভেন্টিন্থ ও আই স্ট্রিটের কোনার কাছে ইস্টার্ন টাইম বেলা সোয়া দুইটার দিকে আসেন সন্দেহভাজন। তিনি ওত পেতে হামলা চালান ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর।

এ কর্মকর্তা আরও জানান, গুলি চালিয়ে ন্যাশনাল গার্ডের অন্য সদস্যরা সন্দেহভাজনকে বশীভূত করেন।

ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেলের তথ্য অনুযায়ী, গুলিবিদ্ধ দুই সেনার অবস্থা গুরুতর, যাদের চিকিৎসা দেওয়া হচ্ছে স্থানীয় হাসপাতালে।

ব্রিফিংয়ে ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার জানান, এটি সেনাদের লক্ষ্য করে চালানো হামলা।

ওয়েস্ট ভার্জিনিয়ার গভর্নর প্যাট্রিক মরিসি শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, ভুক্তভোগী দুজনই তার স্টেইটের ন্যাশনাল গার্ডের সদস্য এবং তারা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন, তবে এর পরপরই আরেকটি বিবৃতিতে সেনাদের অবস্থা নিয়ে পরস্পরবিরোধী খবরের বিষয়টি উল্লেখ করেন তিনি।

গুলির উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি, তবে কর্মকর্তারা মনে করছেন, হামলাকারী একাই এ আক্রমণ চালিয়েছেন।

সন্দেহভাজন ও ভুক্তভোগী দুজনের পরিচয় জনসমক্ষে প্রকাশ করা হয়নি।

হোয়াইট হাউস সংলগ্ন এলাকা যখন রক্তাক্ত, ট্রাম্প তখন থ্যাংকসগিভিংয়ের বৃহস্পতিবারের ছুটির আগেই ফ্লোরিডার পাম বিচে নিজের রিসোর্টে সময় কাটাচ্ছিলেন। আর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ছিলেন কেন্টাকিতে।

ঘটনার প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে ট্রাম্প হামলাকারীকে ‘জন্তু’ হিসেবে আখ্যা দেন।

ন্যাশনাল গার্ড সদস্যদের প্রশংসা করে তিনি জানান, আক্রমণকারীকে চড়া মূল্য দিতে হবে।