সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের প্রাণঘাতী হামলার পর সেটি বন্ধ ঘোষণা করায় ঢাকা-রিয়াদ রুটে পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে। রবিবার বিষয়টি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা কাউছার মাহমুদ জানান, বাংলাদেশ সময় ১২ অক্টোবর রাত ৩টা পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকার কথা রয়েছে।
এর আগে শনিবারের এই হামলায় দুই বাংলাদেশি নিহত হন। কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এই হামলায় মোট ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক, দুইজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের ১ জন করে নাগরিক রয়েছেন।
এ ঘটনার জেরে রিয়াদের বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে সৌদিয়া এয়ারলাইন্সের এসভি৮০৪/৮০৫ ও এসভি৮০৬/৮০৭, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি৩৩৯ ও বিজি৩৪০ এবং রিয়াদ এয়ারের আরএক্স ৭৬৩/৭৬৪।
সৌদিয়ার এসভি৮০৪/৮০৫ ফ্লাইটটি ১০ অক্টোবর রাত ১১ টা ৫ মিনিটে ঢাকায় অবতরণ এবং ১১ অক্টোবর রাত ১২ টা ৪৫ মিনিটে ঢাকা ছেড়ে যাওয়ার কথা ছিল। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রিয়াদগামী বিজি৩৩৯ ফ্লাইটটি ১১ অক্টোবর রাত ২টা ৫ মিনিটে ঢাকা ছাড়ার কথা ছিল।
অন্যদিকে, সৌদিয়ার এসভি৮০৬/৮০৭ ফ্লাইটটি সকাল ৯টা ৪৫ মিনিটে অবতরণ ও বেলা ১১টা ২৫ মিনিটে ছাড়ার কথা ছিল এবং রিয়াদ এয়ারের আরএক্স ৭৬৩/৭৬৪ ফ্লাইটটি সকাল ৭ টায় অবতরণ ও ৮ টা ৩০ মিনিটে ঢাকা ছাড়ার সূচি ছিল এবং ফ্লাইটের সময়সূচি স্থানীয় সময় অনুযায়ী।
এদিকে, ১০ অক্টোবর ছেড়ে যাওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস ৩৮১ ফ্লাইটটির পথ পরিবর্তন করা হয়। পরে ফ্লাইটটি রাত ৩টা ১০ মিনিটে ঢাকায় অবতরণ করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। ফ্লাইটের নতুন সময়সূচি ও হালনাগাদ তথ্য এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট ও যোগাযোগমাধ্যমে জানানো হবে। প্রয়োজনে যাত্রীরা কল সেন্টারে যোগাযোগ করতে অথবা নিকটস্থ বিক্রয়কেন্দ্র থেকে সহায়তা নিতে পারবেন বলে জানিয়েছে এয়ারলাইন্সটি।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দিতে রিয়াদস্থ বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। বাংলাদেশ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘বেসামরিক মানুষের জীবন বিপন্নকারী এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো এ হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।’
সৌদি আরবের প্রতি দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করে বাংলাদেশ অবিলম্বে সংঘাত বন্ধ, বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষা এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে।