ইরানের গায়িকা পারাস্তু আহমাদিকে হিজাব ছাড়া গান পরিবেশনের অভিযোগে ৭৪ বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
একইসঙ্গে সঙ্গীতশিল্পী ও তার প্রযোজনা দলের আট সদস্যকে ২ বছরের জন্য বিদেশ ভ্রমণ ও শিল্প সংক্রান্ত কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এ ঘটনাকে দেশটিতে শিল্পী ও নারীদের ওপর চলমান সাংস্কৃতিক দমন-পীড়নের আরেকটি উদাহরণ হিসেবে দেখছেন অধিকারকর্মীরা।
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ২৯ বছর বয়সী পারাস্তু আহমাদি ২০২৪ সালে নিজের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত একটি কনসার্টে অংশ নেন।
‘কারাভানসারাই কনসার্ট’ নামে পরিচিত ওই অনুষ্ঠানে তিনি ঐতিহাসিক দেশাত্মবোধক গান আজ খুনে জাভানানে ভাতান পরিবেশন করেন। অনুষ্ঠানটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
ওই সময় আহমাদিসহ সংশ্লিষ্ট বেশ কয়েকজনকে আটক করলেও পরে ছেড়ে দেওয়া হয়।
পরবর্তীতে কর্তৃপক্ষ ভিডিওটি প্রকাশের জন্য একটি আনুষ্ঠানিক মামলা দায়ের করে এবং শাস্তির রায় দেয়।
তবে এ বিষয়ে ইরানের বিচার বিভাগের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো রায় প্রকাশ করা হয়নি।
আইনজীবী ও অধিকার সংগঠনগুলোর দেখা আদালতের নথি অনুযায়ী, অভিযুক্তদের বিরুদ্ধে অনলাইনে ‘অশালীন ও অনৈতিক’ বিষয়বস্তু প্রকাশের মাধ্যমে জনশালীনতা ক্ষুণ্ন করার অভিযোগ আনা হয়েছে।
এই ঘটনাকে দেশটিতে শিল্পী ও নারীদের ওপর চলমান সাংস্কৃতিক দমন-পীড়নের আরেকটি উদাহরণ হিসেবে দেখছেন অধিকারকর্মীরা।
আ্যমেরিকাভিত্তিক ‘সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরান’-এর অ্যাডভোকেসি পরিচালক বাহার গান্দেহারি বলেছেন, “শুধু গান গাওয়া এবং হিজাব ছাড়া জনসমক্ষে আসার জন্য আহমাদিকে ৭৪টি বেত্রাঘাতের শাস্তি আবারও মনে করিয়ে দেয় যে, নিজেদের ভাবমূর্তি উন্নত করার লক্ষ্যে ইরানি কর্তৃপক্ষের যুদ্ধকালীন প্রচারণা সত্ত্বেও ইরানে মানবাধিকার পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।”