


প্রকাশিত: নভেম্বর ২৬ ২০২৬, ১৬:৩৯

বুধবার (২৫ নভেম্বর) এক বৈঠকে এ কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। ছবি: রয়টার্স
রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত- আইসিজের রায়ের সব নির্দেশনা মানবে না মিয়ানমার সরকার।
সংবাদমাধ্যম বিবিসি জানায়, বুধবার (২৫ নভেম্বর) এক বৈঠকে এ কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। আইসিজের রায় ঘোষণার পর মিয়ানমারের নেতা হিসেবে প্রথম প্রকাশ্যে নিজের অবস্থান জানালেন হ্লাইং।
বৈঠকে রায়ের কিছু অংশ অনুপযুক্ত উল্লেখ করে সমালোচনা করেন হ্লাইং।
তিনি বলেন, ‘দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে মিয়ানমার উপযুক্ত পদক্ষেপ নেবে। তবে যেসব শর্ত অনুপযুক্ত মনে করা হবে, সেগুলো মিয়ানমার সরকার মেনে চলবে না।‘
তবে সুনির্দিষ্ট কোন কোন শর্তগুলো মানা হবে না, তা উল্লেখ করেননি এ প্রেসিডেন্ট।
২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘঠিত রোহিঙ্গা অভিযানের সময় দেশটির প্রধান সামরিক কর্মকর্তার দায়িত্বে ছিলেন হ্লাইং। ওই সময় এ জনগোষ্ঠীর ওপর হত্যা, নিপীড়ন ও নির্যাতনের মূল পরিকল্পনা, নির্দেশদাতা ও প্রধান সামরিক কমান্ডার হিসেবে অভিযান পরিচালনা করেন হ্লাইং।
পরে জান্তাপ্রধান থেকে প্রেসিডেন্ট হওয়া হ্লাইং আরও বলেন , আদালতের রায়ে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের অভিযানকে গণহত্যার স্বীকৃতি দেওয়ায়, রায় তিনি প্রত্যাখ্যান করেছেন।
তার ভাষ্য, ‘’গণহত্যা’ শব্দটি মিয়ানমারের ভাবমূর্তির ওপর গুরুতর নেতিবাচক প্রভাব ফেলেছে।‘
২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করেছিল পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। তখন থেকেই রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে হওয়া সহিংসতাকে গণহত্যা বলতে অস্বীকৃতি জানিয়েছে মিয়ানমার। দেশটির দাবি ২০১৭ সালের ওই সামরিক অভিযান ছিল সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে একটি বৈধ সন্ত্রাসবিরোধী অভিযান।
এদিকে, গত ১৯ নভেম্বর নেদারল্যান্ডের হেগের আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানো হয়েছে উল্লেখ করে মিয়ানমারের বিরুদ্ধে ঐতিহাসিক রায় ঘোষণা করে আইসিজে। কোনো দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের রায় দেওয়ার ঘটনা এটিই প্রথম।
ওই রায়ে বলা হয়, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে। এ ছাড়া ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর চরম নির্যাতন এবং সহিংসতা থেকে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ওপর হামলার ঘটনাও ঘটেছে।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, সামগ্রিকভাবে উপস্থাপিত প্রমাণ থেকে এ সিদ্ধান্তে পৌঁছানো যায় যে, উত্তর রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্যেই মিয়ানমারের বাহিনী এসব কর্মকাণ্ড চালিয়েছিল।
পরে আদালত মিয়ানমারকে গণহত্যা সনদের চলমান লঙ্ঘন বন্ধের নির্দেশ দেয়। পাশাপাশি সামরিক অভিযানে জড়িত থাকার যৌক্তিক সন্দেহ রয়েছে, এমন ব্যক্তিদের দ্রুত তদন্তের আওতায় এনে বিচার ও শাস্তি নিশ্চিত করতে বলে।
এ ছাড়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়তা, তাদের হারানো সম্পত্তি পুনরুদ্ধার বা ক্ষতিপূরণের ব্যবস্থা, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান, নির্যাতনের শিকার ব্যক্তিদের পুনর্বাসন এবং রোহিঙ্গাদের বৈষম্য ও নিপীড়ন থেকে সুরক্ষা দেওয়ার নির্দেশনা রয়েছে রায়ে।
যেসব ক্ষয়ক্ষতি সম্পত্তি ফিরিয়ে দেওয়ার মাধ্যমে পূরণ করা সম্ভব নয়, সেগুলোর জন্য রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতেও মিয়ানমারকে নির্দেশ দিয়েছেন আদালত।
রায়ে আরও বলা হয়েছে, এসব নির্দেশনা বাস্তবায়নে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, ক্ষতিপূরণের পরিকল্পনাসহ তার বিস্তারিত বিবরণ দুই বছরের মধ্যে আদালতে জমা দিতে হবে মিয়ানমারকে।
আইসিজের এই রায়কে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন দেশ ও রাষ্ট্রনেতারা। গত সোমবার (১৬ নভেম্বর) আইসিজের নির্দেশনা মেনে নিতে মিয়ানমারকে আহ্বান জানায় বেলজিয়াম, কানাডা, পর্তুগাল, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ ১৪ টি দেশ।
