বাংলাদেশ
১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের
ছবি: এআই
- 0

ছবি: এআই

প্রকাশিত: নভেম্বর ২২ ২০২৬, ২০:২২
১৬ বছর বা তার কম বয়সী শিশু-কিশোরদের সামাজিকমাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ লক্ষ্যে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশও দিয়েছেন আদালত।
রোববার (২২ নভেম্বর) জনস্বার্থে দায়ের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি শিকদার মোহাম্মদ মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতের নির্দেশনা অনুযায়ী, টেলিযোগাযোগ বিভাগ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ এবং আইন ও বিচার বিভাগের সচিবদের পাশাপাশি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
একই সঙ্গে ১৬ বছর বা তার কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। শিশুদের ওপর সামাজিকমাধ্যমের প্রভাব মূল্যায়নে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেন এবং আদালতে নিজেই শুনানিতে অংশ নেন।
শুনানি শেষে ব্যারিস্টার ফয়সাল দস্তগীর বলেন, দেশে শিশুদের সামাজিকমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় তারা অনেকটা অবাধে এসব প্ল্যাটফর্ম ব্যবহার করছে। অতিরিক্ত ব্যবহারের কারণে অনেক শিশুর মধ্যে একাকিত্ব, হতাশাসহ বিভিন্ন মানসিক সমস্যা দেখা দিচ্ছে, যা তাদের স্বাভাবিক মানসিক বিকাশে বাধা সৃষ্টি করতে পারে।
রিট আবেদনে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)-এর একটি গবেষণার তথ্য তুলে ধরা হয়েছে।
গবেষণা অনুযায়ী, ঢাকার ৮৩ শতাংশ শিশু প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় স্ক্রিনের সামনে কাটায়। স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং ডিভাইস ব্যবহারে গবেষণায় অংশ নেওয়া শিশুরা প্রতিদিন গড়ে ৪ দশমিক ৬ ঘণ্টা সময় ব্যয় করে।
গবেষণায় আরও দেখা গেছে, এক-তৃতীয়াংশের বেশি শিশু চোখের সমস্যায় ভুগছে এবং প্রায় ৮০ শতাংশ শিশুর প্রায়ই মাথাব্যথা হয়।
প্রতিদিন দুই ঘণ্টার বেশি স্ক্রিন ব্যবহার করা শিশুরা রাতে গড়ে মাত্র ৭ দশমিক ৩ ঘণ্টা ঘুমায়। অথচ এ বয়সী শিশুদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা ঘুমের প্রয়োজন।
এ ছাড়া গবেষণায় অংশ নেওয়া প্রায় ১৪ শতাংশ শিশুর অতিরিক্ত ওজন বা স্থূলতার সমস্যা পাওয়া গেছে। দীর্ঘ সময় স্ক্রিনের সামনে কাটানো শিশুদের মধ্যে এ ধরনের সমস্যা তুলনামূলক বেশি দেখা গেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শৈশবে দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার ক্ষমতা ও আবেগ নিয়ন্ত্রণের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। পাশাপাশি শারীরিক বৃদ্ধি ও সামগ্রিক মানসিক সুস্থতাও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
শিশুদের সামাজিকমাধ্যম ব্যবহারের প্রভাব পর্যালোচনা এবং তাদের সুরক্ষায় কার্যকর নীতিমালা প্রণয়নের বিষয়টি এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
