আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তার নাম মন্তব্য করে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান শুক্রবার বলেছেন, সে নিষিদ্ধ সত্তার নামে যেকোনো কর্মকাণ্ড ও কর্মসূচিই অপরাধ হিসেবে গণ্য হবে।
তিনি বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে আওয়ামী লীগের নৈরাজ্য সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনগতভাবেই মোকাবিলা করবে।
ঝিনাইদহের শৈলকূপায় জাতীয় জাগরণের কবি গোলাম মোস্তফার জন্ম ও মৃত্যুদিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
জাতীয় নির্বাচনের দিন জুলাই সনদের আইনি ভিত্তির ওপর গণভোট নিয়ে আসাদুজ্জামান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে বিজয়ী শক্তি নির্ধারণ করবে আগামীর গণভোট কেমন হবে। তারাই আগামীর বাংলাদেশের গতিপথ নির্ধারণ করবে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিজয়ী শক্তি ১৯৭২-এর সংবিধান এনেছিল। ১৯৯০-এর বিজয়ী শক্তি দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে এনেছিল।
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান আরও বলেন, কবি গোলাম মোস্তফা জাতীয় জাগরণের কবি। তার কাব্যগ্রন্থ ও লেখনীতে বাঙালি মুসলমানের জীবনদর্শন, চেতনা ও সংগ্রামের চিত্র ফুটে উঠেছে। কবি গোলাম মোস্তফার সৃষ্টিকর্মের চর্চার মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের সংগ্রাম, অধিকার, ঐতিহ্য ও সাম্যবাদী চেতনা সমুন্নত রাখতে পারবে।