জাপানে এক নারীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় আমেরিকান এক মেরিন সেনা কর্মকর্তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতির অভিযোগ গঠন করা হয়েছে। গত ৩ অক্টোবর দেশটির ওকিনাওয়া প্রদেশের নাহা শহরে একটি হোটেলে ওই নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
সংবাদমাধ্যম এবিসি নিউজ জানায়, অভিযুক্ত ওই সেনার নাম ডেভিন জ্যাকব ব্যালার্ড (২০)। তিনি নাহার কাছে অবস্থিত ইউএস মেরিন কর্পস এয়ার স্টেশন ফুতেনমায় কর্মরত ছিলেন।
জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকের প্রতিবেদনে বলা হয়েছে, নাহা ডিস্ট্রিক্ট প্রসিকিউটরের কার্যালয় ও অন্যান্য সূত্রের বরাত দিয়ে রোববার অভিযোগ গঠনের তথ্য নিশ্চিত করা হয়।
অভিযোগ অনুযায়ী, হোটেলে টেলিফোনের রিসিভারের তার গলায় পেঁচিয়ে ৩৯ বছর বয়সী আনা ইয়াগিকে শ্বাসরোধে হত্যা করেন ব্যালার্ড। ওই সময় তিনি ভুক্তভোগী নারীর মানিব্যাগ ও অন্যান্য জিনিসপত্রসহ একটি ব্যাকপ্যাকও চুরি করেন বলে অভিযোগ রয়েছে।
ওই ঘটনায় ওকিনাওয়াসহ জাপানের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। আমেরিকার কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে জাপান সরকার।
দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি গত মাসে এক বিবৃতিতে বলেন, এ ধরনের নৃশংস ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় আমেরিকার কাছে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে।
তদন্তকারীদের দাবি, হোটেলের নিরাপত্তা ক্যামেরার ফুটেজে হত্যাকাণ্ডের সময়ের কাছাকাছি সময়ে ব্যালার্ডের উপস্থিতির ইঙ্গিত পাওয়া গেছে। ফুটেজে এক ব্যক্তিকে এক নারীর সঙ্গে হোটেলে প্রবেশ করতে এবং পরে ওই নারীর জিনিসপত্র নিয়ে বেরিয়ে যেতে দেখা যায়।
ওই ব্যক্তির চুলের ধরন ও শরীরের উলকির সঙ্গে ব্যালার্ডের মিল রয়েছে বলে জানিয়েছে পুলিশ। হোটেলের কাছাকাছি স্থান থেকে নিহত নারীর কিছু জিনিসপত্রও উদ্ধার করা হয়েছে।
এনএইচকের প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তারের সময় জিজ্ঞাসাবাদে ব্যালার্ড অভিযোগ অস্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না।’
তবে পরবর্তী জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার আভাস দিয়েছিলেন ব্যালার্ড। ব্যালার্ডের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি প্রসিকিউশন।