
৪ মিনিটের ভিডিওকলে চাকরিচ্যুত করার অভিযোগ ভারতীয় কর্মীর

টিবিএন ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩ ২০২৫, ২০:৩৮ হালনাগাদ: জানুয়ারি ২৯ ২০২৬, ৫:৩৫

এনডিটিভির প্রতীকী ছবি
- 0
চাকরিচ্যুত কর্মীদের কাজে কোনো অপারদর্শিতা ছিল না বলে জানায় প্রতিষ্ঠানটি।
অ্যামেরিকাভিত্তিক একটি প্রতিষ্ঠানে ভারত থেকে যুক্ত ছিলেন বেশ কয়েকজন কর্মী, কিন্তু কোম্পানিটি মাত্র চার মিনিটের ভিডিওকলে তাদের চাকরিচ্যুত করে বলে অভিযোগ করেছেন এক কর্মী।
সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে এ ঘটনা প্রকাশ করেন প্রতিষ্ঠান থেকে ছাঁটাই হওয়া একজন।
নির্দিষ্ট একটি দেশের কর্মীদের ছাঁটাই করার ঘটনাটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
চাকরিচ্যুত ওই কর্মীর পোস্টের বরাতে এনডিটিভি জানায়, কোম্পানির অভ্যন্তরীণ পুনর্গঠনের কথা উল্লেখ করে বিনা নোটিশে ভারতীয় কর্মীদের চাকুরিচ্যুত করা হয়।
ভুক্তভোগী ওই কর্মী তার পোস্টে বলেন, ‘দিনটি ছিল একটি সাধারণ ওয়ার্ক ডে। অন্যান্য দিনের মতো সকাল ৯টায় লগইন করি। ক্যালেন্ডারে দেখতে পাই, বেলা ১১টায় কোম্পানির চিফ অপারেটিং অফিসার-সিওও জরুরি বৈঠকে বসবেন।
‘নির্ধারিত সময়ে বৈঠক শুরু হতেই সয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হয় উপস্থিত সবার ক্যামেরা ও মাইক্রোফোন। এর পরই জানান, কোম্পানির অভ্যন্তরীণ প্রয়োজনে ভারতীয় কর্মীদের চাকরিচ্যুত করা হচ্ছে। সিওও উল্লেখ করেন, ছাঁটাই করা কর্মীদের কারও বিরুদ্ধেই কাজে অপটুতার অভিযোগ নেই।’
পোস্টে ওই কর্মী আরও জানান, খবরটি জানানোর পরপর সিওও চার মিনিটের মধ্যে অনলাইন বৈঠক থেকে বিদায় নেন। এমনকি চাকরিচ্যুতদের কোনো প্রশ্নের উত্তর দিতেও অস্বীকৃতি জানান তিনি।
অ্যামেরিকান প্রতিষ্ঠানটির ভারতীয় কর্মীদের প্রতি এমন নেতিবাচক আচরণে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা দেয় বিরূপ প্রতিক্রিয়া। অনেকে ভুক্তভোগী কর্মীর প্রতি নানাভাবে সহানুভূতি প্রকাশ করেন।
রেডিটে শেয়ার হওয়া ওই পোস্টের কমেন্টে একজন লিখেন, ’এ ঘটনায় ভেঙে না পড়ে বিষয়টি সুযোগ হিসেবে নিন। আপনি সত্যিই যা করতে চান, সেটা এবার প্রকাশ করুন।’
অন্য আরেকজন লিখেন, ‘কর্মস্থলে আপনার পদ ও দায়িত্ব কী ছিল? আমি হয়তো আপনাকে নতুন কাজ পেতে সাহায্য করতে পারি।‘