ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেবে অ্যামেরিকা: ট্রাম্প

টিবিএন ডেস্ক
প্রকাশিত: জুলাই ৮ ২০২৬, ১৫:১২
- 0
ট্রাম্প বলেন, “আমরা তোমাদের প্যাট্রিয়ট তৈরির লাইসেন্স দেব। এটি বেশ ভালো বিষয়। এতে তোমরা আর বলতে পারবে না যে আমরা যথেষ্ট দিচ্ছি না।”
ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
ট্রাম্প বলেন, “আমরা তোমাদের প্যাট্রিয়ট তৈরির লাইসেন্স দেব। এটি বেশ ভালো বিষয়। এতে তোমরা আর বলতে পারবে না যে আমরা যথেষ্ট দিচ্ছি না।”
তিনি বলেন, প্যাট্রিয়ট একটি প্রতিরক্ষামূলক অস্ত্র। আক্রমণাত্মক অস্ত্রের চেয়ে প্রতিরক্ষামূলক সক্ষমতাকেই তিনি বেশি গুরুত্ব দেন।
রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর দীর্ঘদিন ধরে চেয়ে আসছেন জেলেনস্কি। ইউক্রেনের অস্ত্রভান্ডারে থাকা এই অ্যামেরিকান ব্যবস্থাটিই উচ্চগতির এবং খাড়া গতিপথে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম বলে বিবেচিত হয়।
জেলেনস্কির সঙ্গে বৈঠকে এই বিষযটি তোলার কথা ছিল ট্রাম্পের। বুধবারও ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এক সপ্তাহের মধ্যে এটি কিয়েভে তৃতীয় হামলা।
ইউক্রেনীয় বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, রাতভর হামলায় রাশিয়া ১৬৯টি ড্রোন ও পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। ইউক্রেনীয় প্রতিরক্ষাব্যবস্থা ১৩৯টি ড্রোন ভূপাতিত করতে পারলেও পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটিও ঠেকাতে পারেনি।
ট্রাম্প বলেন, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াতে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর ওপর চাপ প্রয়োগ করা যেতে পারে। তিনি বলেন, “প্যাট্রিয়ট তৈরি করে এমন কোম্পানিগুলোর ওপর আমাদের যথেষ্ট প্রভাব আছে।”
তবে এখনো সংশ্লিষ্ট কোম্পানিকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বলে উল্লেখ করেন ট্রাম্প। তার ভাষায়, বিষয়টি ঠিক হয়ে যাবে এবং কোম্পানিগুলো এতে সন্তুষ্টই হবে।
প্যাট্রিয়ট ব্যবস্থার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র তৈরির প্রধান ঠিকাদার হলো লকহিড মার্টিন।
বৈঠকে ট্রাম্প বলেন, রাশিয়া ও ইউক্রেন—দুই পক্ষই যুদ্ধের সমাপ্তি চায়। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং জেলেনস্কি দুজনকেই ‘কঠিন চরিত্রের’ নেতা হিসেবে বর্ণনা করেন তিনি।
ট্রাম্প বলেন, “আমরা অনেক যুদ্ধের সমাধান করেছি। এই যুদ্ধটি হয়তো সবচেয়ে সহজ হবে ভেবেছিলাম। কিন্তু পুতিন কঠিন চরিত্রের, আর এই লোকটিও কঠিন চরিত্রের।” এ সময় জেলেনস্কি তার পাশে বসা ছিলেন।
জেলেনস্কি বলেন, ট্রাম্পের সঙ্গে তার কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা আছে। তিনি বলেন, “আমি নিশ্চিত, আপনি এই যুদ্ধ থামাতে সবকিছু করবেন।”
সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনের বিরুদ্ধে আকাশ হামলা জোরদার করেছে মস্কো। স্থলযুদ্ধে রুশ অগ্রগতি অনেকাংশে থমকে যাওয়ার পর ইউক্রেন রাশিয়ার সামরিক রসদ সরবরাহব্যবস্থা এবং তেল খাতে হামলা বাড়িয়েছে। এসব হামলার পর রাশিয়ার বিভিন্ন অঞ্চলে জ্বালানি সংকটও দেখা দিয়েছে।
প্যাট্রিয়ট উৎপাদনের লাইসেন্স বাস্তবায়িত হলে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষার জন্য তা গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে। তবে লাইসেন্সের আওতা, উৎপাদনস্থল, প্রযুক্তি হস্তান্তর এবং সরবরাহের সময়সূচি নিয়ে এখনো কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

