ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোর পুনর্গঠন ও মেরামত কার্যক্রমে দেশটির সম্পদ ব্যবহারের পরিকল্পনা করছে ইউএস ট্রেজারি ডিপার্টমেন্ট।
সিবিএস নিউজ জানায়, ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের চিন্তাভাবনার সঙ্গে পরিচিত একটি সূত্র নিশ্চিত করেছে এ তথ্য।
সূত্রের বরাতে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়, ইরানের কারণে ভবিষ্যতে কোনো ক্ষয়ক্ষতি হলে তা মোকাবিলায় ইরানের সম্পদ ব্যবহারের জন্য ট্রেজারি ডিপার্টমেন্ট তাদের হাতে থাকা সব ধরনের আইনি ক্ষমতা প্রয়োগের উদ্যোগ নেবে। একই সঙ্গে উপসাগরীয় মিত্র দেশগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে বিস্তারিত ব্যয়ের হিসাব সংগ্রহের নির্দেশ দিয়েছেন বেসেন্ট।
এছাড়া সংঘাত শুরুর পর ইতোমধ্যে উপসাগরীয় দেশগুলো যে ক্ষতির মুখোমুখি হয়েছে, তা মেরামতের অর্থায়নে ইরানের সম্পদ ব্যবহার করা হবে কি না, সে বিষয়েও পর্যালোচনা করছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন।
পুনর্গঠন তহবিলের জন্য ঠিক কোন ধরনের ইরানি সম্পদ ব্যবহার করা হবে, তা এখনো স্পষ্ট নয়। বিদেশে জব্দ থাকা ইরানের ব্যাংক আমানত, কিংবা তেলবাহী জাহাজের মতো অন্যান্য সম্পদ এ ক্ষেত্রে বিবেচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে এ বিষয়ে ট্রেজারি ডিপার্টমেন্টের তরফ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো দেওয়া হয়নি। পরিস্থিতির অগ্রগতির সঙ্গে সঙ্গে পরিকল্পনাটি আরও স্পষ্ট হতে পারে।
এদিকে যুদ্ধ বন্ধে চলমান পরোক্ষ শান্তি আলোচনায় ইরান বারবার বলে আসছে, কোনো সমঝোতা হলে তাতে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল বা প্রত্যাহারের বিষয়টি থাকতে হবে। এর মাধ্যমে বিদেশে আটকে থাকা ইরানের বিপুল পরিমাণ সম্পদ মুক্ত করার দাবি জানিয়ে আসছে দেশটি।