আলোচিত গ্রিনল্যান্ড নিয়ে নিজের স্পষ্ট অবস্থান প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ ডেনমার্কের পরিবর্তে অ্যামেরিকার হাতে থাকা উচিত।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
গ্রিনল্যান্ড, যা ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল, সেটিকে অ্যামেরিকার নিয়ন্ত্রণে আনার বিষয়ে ট্রাম্পের আগের মন্তব্যগুলোও ওয়াশিংটন ও কোপেনহেগেনের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছিল। বিষয়টি পরে কূটনৈতিক আলোচনার পর্যায়ে যায়।
ট্রাম্প বলেন, ‘গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ ডেনমার্কের নয়, অ্যামেরিকার হাতে থাকা উচিত।‘
তিনি আরও দাবি করেন, গ্রিনল্যান্ড ইস্যুতে মতবিরোধ ন্যাটোর সঙ্গে অ্যামেরিকার সম্পর্কেও প্রভাব ফেলেছে।
ট্রাম্পের ভাষ্য, ‘ডেনমার্ক গ্রিনল্যান্ডের জন্য যথেষ্ট ব্যয় করে না। কিন্তু এটি অ্যামেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আশপাশে চীনা ও রুশ জাহাজ রয়েছে, আর আমরা তা হতে দেব না।’
এ সময় ট্রাম্প আরও বলেন, রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় মিত্রদের সহায়তায় অ্যামেরিকা বিপুল অর্থ ব্যয় করলেও গ্রিনল্যান্ডের বিষয়ে তারা অ্যামেরিকার অবস্থানকে সমর্থন করেনি।