সূত্রের বরাতে রয়টার্স
নতুন ধাপে ভেনেজুয়েলা অভিযান শুরুর পরিকল্পনা অ্যামেরিকার

টিবিএন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২২ ২০২৫, ২৩:৫০

অ্যামেরিকা সম্ভাব্য যেসব ব্যবস্থার কথা ভাবছে, তার মধ্যে মাদুরোকে উৎখাতও একটি। ছবি: রয়টার্স

অ্যামেরিকা সম্ভাব্য যেসব ব্যবস্থার কথা ভাবছে, তার মধ্যে মাদুরোকে উৎখাতও একটি। ছবি: রয়টার্স

  • 0

নতুন অভিযানের প্রকৃত সময় কিংবা ব্যাপ্তির বিষয়ে জানতে পারেনি রয়টার্স।

অ্যামেরিকা আগামী দিনগুলোতে নতুন ধাপে ভেনেজুয়েলা সংক্রান্ত অভিযান শুরুর পরিকল্পনা করছে বলে রয়টার্সকে জানিয়েছেন দেশটির চার কর্মকর্তা।

প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর সরকারের ওপর ট্রাম্প প্রশাসনের চাপ বৃদ্ধির মধ্যে এ তথ্য দিলেন তারা।

নতুন অভিযানের প্রকৃত সময় কিংবা ব্যাপ্তির বিষয়ে জানতে পারেনি রয়টার্স।

এ ছাড়া প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কর্মকাণ্ড শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কি না, সে বিষয়েও নিশ্চিত হতে পারেনি বার্তা সংস্থাটি।

ভেনেজুয়েলার বিষয়ে অ্যামেরিকার আসন্ন ব্যবস্থার বিষয়ে প্রতিবেদন সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেড়েছে। এ সময়ে ক্যারিবীয় অঞ্চলে সেনা মোতায়েন করেছে অ্যামেরিকা।

মাদুরোর বিরুদ্ধে নতুন ব্যবস্থার প্রথম অংশ গোপন অভিযান হতে পারে বলে জানিয়েছেন দুজন অ্যামেরিকান কর্মকর্তা।

বিষয়টি সংবেদনশীল হওয়ায় রয়টার্সকে বক্তব্য দেওয়া চার কর্মকর্তার কেউই তাদের নাম প্রকাশ করতে চাননি।

এ বিষয়ে জানতে চাইলে রয়টার্সকে হোয়াইট হাউসের দ্বারস্থ হতে বলেছে প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন।

অন্যদিকে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি-সিআইএ এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ এক কর্মকর্তা শনিবার ভেনেজুয়েলার বিষয়ে কোনো ব্যবস্থার সম্ভাবনাই নাকচ করেননি।

ওই কর্মকর্তা বলেন, ভেনেজুয়েলার মাদকে অ্যামেরিকার বাজার সয়লাব হওয়া রোধের পাশাপাশি দায়ীদের বিচার নিশ্চিত করতে প্রতিটি উপাদান ব্যবহারে প্রস্তুত প্রেসিডেন্ট ট্রাম্প।

এ বিষয়ে করা প্রশ্নের উত্তর তাৎক্ষণিকভাবে দেয়নি ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয়।

অ্যামেরিকার দুই কর্মকর্তা রয়টার্সকে জানান, সম্ভাব্য যেসব ব্যবস্থার কথা ভাবা হচ্ছে, তার মধ্যে মাদুরোকে উৎখাতও একটি।