অ্যামেরিকা নারী প্রেসিডেন্টের জন্য প্রস্তুত নয় মন্তব্য করে মিশেল ওবামা বলেছেন, সবশেষ নির্বাচনে তা স্পষ্ট হয়ে উঠেছে।
এমন বাস্তবতায় দেশের মানুষের মানসিকতায় বড় ধরনের পরিবর্তন আনতে কাজ করতে হবে বলে মন্তব্য করেন সাবেক ফার্স্ট লেডি।
নতুন বই ‘দ্য লুক’ নিয়ে এক পডকাস্টে মিশেল বলেন, আগামী নির্বাচনে তিনি প্রার্থী হবেন এমন জল্পনাকল্পনা করে কোনো লাভ নেই।
সাবেক ফার্স্ট লেডির ভাষ্য, কৃষ্ণাঙ্গ নারী হিসেবে সারা জীবন তাকে সমাজের নানা উপেক্ষার বিরুদ্ধে লড়তে হয়েছে। এটাতেই তিনি অভ্যস্ত, তবে হাল ছাড়েননি। প্রতিনিয়ত প্রমাণ করেছেন শিক্ষা কিংবা যোগ্যতায় তিনি কারোর চেয়ে পিছিয়ে নন।
অ্যামেরিকায় ২০১৬ ও ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দুই দফা প্রতিদ্বন্দ্বিতা করেও নীল শিবিরের প্রার্থী সাবেক স্টেইট সেক্রেটারি হিলারি ক্লিন্টন এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হন।
হিলারি সমানতালে লড়াই করলেও হ্যারিসের বিপক্ষে ভূমিধস জয় পান ট্রাম্প।
এ ধরনের রাজনৈতিক বিষয়সহ সৌন্দর্য, সংস্কৃতি ও আত্মবিশ্বাসের মতো বেশ কিছু দিক নিয়ে সম্প্রতি ব্রুকলিন একাডেমি অব মিউজিকে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামার সঙ্গে আলোচনা করেন অভিনেত্রী ট্রেসি এলিস রোজ।
সেখানে মিশেলকে প্রশ্ন করা হয় আমেরিকা একজন নারী প্রেসিডেন্টের জন্য প্রস্তুত কি না, তা নিয়ে।
জবাবে অ্যামেরিকানরা একজন নারী প্রেসিডেন্টের জন্য একেবারেই প্রস্তুত নয় বলে মন্তব্য করেন সাবেক এই ফার্স্ট লেডি।
তিনি জানান, সবশেষ নির্বাচনেও তা স্পষ্ট হয়ে উঠেছে। তাই দেশের মানুষের মানসিকতায় বড় ধরনের পরিবর্তন আনতে কাজ করে যেতে হবে।
পডকাস্টে মিশেল বলেন, আগামীতে নির্বাচনে তিনি প্রার্থী হবেন, এমন জল্পনাকল্পনা করে কোনো লাভ নেই। বিশেষ করে পুরুষদের বড় একটা অংশ তাদের নেতৃত্বে কোনো নারীকে দেখতে চায় না।