২০২৪ সালে আমেরিকার পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশের নাগরিক মোহাম্মদ হাছিবুর রহমানের বিরুদ্ধে বেআইনিভাবে ভোট দেয়ার অভিযোগ দাখিল করেছে মেরিল্যান্ড ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়।
কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
ওই নোটিশে বলা হয়, ৩৩ বছর বয়সী হাছিবুর রহমান আমেরিকার নাগরিক না হয়েও নিজের নাগরিকত্বের অবস্থা জেনেশুনে নির্বাচনে ভোট দিয়েছেন । মেরিল্যান্ডের ইউএস অ্যাটর্নি অফিস ২৭ অক্টোবর ২০২৬ তারিখে অভিযোগপত্র দাখিলের কথা জানায়। তবে বিজ্ঞপ্তিতে তিনি ঠিক কোন শহর বা ভোটকেন্দ্রে ভোট দিয়েছিলেন, তা উল্লেখ নেই।
ওই নির্বাচনে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের পাশাপাশি সেনেট ও হাউস অব রিপ্রেজেনটেটিভসের সদস্য নির্বাচনের জন্য ভোট প্রদান করা হয়েছিল।
মেরিল্যান্ড ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কেলি ও. হেইস ও ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এফবিআইয়ের বল্টিমোর কার্যালয়ের স্পেশাল এজেন্ট ইনচার্জ জিমি পল এ অভিযোগের কথা জানান।
অভিযোগ প্রমাণিত হলে হাছিবুর রহমানের সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড হতে পারে। তবে আদালতে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে নির্দোষ হিসেবে বিবেচনা করা হবে।
একইসঙ্গে ফেডারেল আইনে সাজা নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্দেশিকা ও অন্যান্য আইনি বিষয় বিবেচনা করে আদালতের বিচারক চূড়ান্ত সাজা নির্ধারণ করেন। এ ধরনের অপরাধে সাধারণত সর্বোচ্চ নির্ধারিত সাজার চেয়ে কম সাজা দেওয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।