আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) এর অত্যাধুনিক বিকাশকে মানব অস্তিত্বের জন্য ঝুঁকিপূর্ণ অভিহিত করে সতর্ক করেছে খোদ এআই প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান এনথ্রোপিক।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীদের সতর্ক করে আইপিও প্রোসপেক্টাসে এই বার্তা সংযুক্ত করেছে এনথ্রোপিক।
রয়টার্সের পর্যবেক্ষণ করা সতর্কবার্তায় বলা হয়, আমাদের তৈরি করা অত্যন্ত উন্নত মানের এআই মডেল, প্লাটফর্ম ও এপ্লিকেশনগুলোর ব্যবহার সম্প্রসারিত হলে, ক্ষতির কারণ হয়ে উঠতে পারে।
এতে আরও বলা হয়, উন্নত মানের এআই মডেলগুলো তথ্য বিকৃত করা, ব্ল্যাকমেইলিং এর পরিস্থিতি তৈরা করার পাশাপাশি ব্যবহারকারীর নির্দেশে পরিচালিত কার্যক্রম স্থগিত না করার মতো আত্মরক্ষামূলক আচরণও করতে পারে।
এআই প্রতিষ্ঠানগুলো রুটিনমাফিক বিনিয়োগকারীদের ঝুঁকি সম্পর্কে অবগত করলেও, কোম্পানি কর্তৃক সরাসরি মানব অস্তিত্বের সঙ্কট সম্পর্কে তুলে ধরার ঘটনা বিরল।
তবে প্রযুক্তি উদ্ভাবনের পাশাপাশি এআই নিরাপত্তা নিয়ে গবেষণা করা এ প্রতিষ্ঠানটির এমন সতর্কবার্তা নতুন নয়।
এর আগে, প্রতিষ্ঠানটির এআই নিরাপত্তা বিষয়ক গবেষক ইভান হাবিনজার জানান, আগামী এক দশকের ভিতর এআই মানবজাতিকে ধ্বংস করে ফেলতে পারে-১০ শতাংশেরও বেশি এমন সম্ভাবনা রয়েছে। প্রতিষ্ঠানটিতে কর্মরত আরেক কর্মকর্তা জ্যাকব কক্সেনও একই ভবিষ্যৎবাণী করেছিলেন।
এদিকে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে এআই মানব সভ্যতা বিলীন করতে পারে-এমন আশঙ্কা উড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। প্রযুক্তিটিকে আরও গ্রহণযোগ্য করে তুলতে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স নাম বদলে সুপার ইন্টিলিজেন্স রাখার প্রস্তাবও দিয়েছেন তিনি।