চলতি বছরের সেপ্টেম্বর মাসে বিশ্বের প্রথম আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স তথা এআই মন্ত্রীত্বের দায়িত্ব দেয় আলবেনিয়া।
ওই সময় দিয়েল্লা নামের এইআই মন্ত্রীকে নিয়ে শোরগোল পড়ে যায় সারা বিশ্বে।
দক্ষিণপূর্ব ইউরোপের দেশটির প্রধানমন্ত্রী এদি রমা এবার জানালেন আরও এক বিস্ময়কর তথ্য।
প্রধানমন্ত্রীর বরাত দিয়ে গালফ নিউজ জানায়, শীঘ্রই ৮৩ টি ভার্চুয়াল সন্তানের জন্ম দিতে যাচ্ছে দিয়েল্লা।
বার্লিনে অনুষ্ঠেয় গ্লোবাল ডায়লগ ইভেন্ট সম্মেলনে এক বক্তব্য দেওয়ার সময় কিছুটা রসিকতার ছলে এ কথা জানান রমা।
তিনি বলেন, ‘আমরা একটি ঝুঁকি নিয়েছিলাম। তার ফল দারুণভাবে পেতে যাচ্ছি। দিয়েল্লা এখন গর্ভবতী, সে জন্ম দিবে ৮৩ ডিজিটাল সন্তান।’
প্রধানমন্ত্রী আরও জানান, দিয়েল্লার বুদ্ধিমত্তা ও কার্যক্ষমতা নিয়ে বিকশিত হবে তার সন্তানেরা।
পরবর্তিতে মন্ত্রিপরিষদের সদস্যদের ডিজিটাল সহকারী হিসেবে কাজ করবে তারা।
২০২৬ সালের মধ্যেই দিয়েল্লার পাশাপাশি ৮৩ সদস্যের এ ডিজিটাল সহকারীদের মন্ত্রিপরিষদে দেখা যাবে বলে নিশ্চিত করেছেন রমা।