ইটালিতে দুই কিডনি বিকল হয়ে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন বাংলাদেশি প্রবাসী মো. আকন মধু। বর্তমানে ফ্লোরেন্সের একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই প্রবাসী। জীবন বাঁচাতে প্রতি সপ্তাহে নিয়মিত ডায়ালাইসিস নিতে হচ্ছে তাকে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তার কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হতে পারে।
তার বাড়ি মাদারীপুর জেলায়। প্রায় চার বছর আগে জীবিকার সন্ধানে ইটালিতে পাড়ি জমান তিনি। তবে গত তিন বছর ধরে গুরুতর অসুস্থতায় ভুগছেন। মা-হারা আকন মধু পরিবারের সবার ছোট ছেলে। বাংলাদেশে তার পরিবারে রয়েছেন বাবা ও ছোট দুই বোন। তার আপন ভাইও প্রায় দুই বছর আগে কিডনি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এবার একই রোগে আক্রান্ত হয়ে সংকটাপন্ন সময় পার করছেন আকন মধু।
আকন মধুকে চিকিৎসা গ্রহণের বিশেষ আবাসিক অনুমতিপত্র দিয়েছে ইটালি। এর ফলে চিকিৎসার প্রয়োজনে ইটালিতে বৈধভাবে অবস্থান করতে পারেন তিনি। নিজের বেঁচে থাকার আকুতি জানিয়ে আকন মধু বলেন, “আমি বাঁচতে চাই, আর দশজন সাধারণ মানুষের মতো সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে চাই। বাংলাদেশ সরকার, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং ইটালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূতের কাছে আমার চিকিৎসার জন্য সার্বিক সহযোগিতা কামনা করছি
মধুর প্রবাসী বন্ধু ও শুভাকাঙ্ক্ষী সাকিব সিকদার বলেন, “মধু আজ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা চাই, বাংলা কমিউনিটির সবাই তার পাশে এসে দাঁড়ান।’’
একই সঙ্গে বাংলাদেশ সরকার, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রোমস্থ বাংলাদেশ দূতাবাসের কাছে আকন মধুর চিকিৎসা ও সম্ভাব্য কিডনি প্রতিস্থাপনে মানবিক সহযোগিতা কামনা করেন তার শুভাকাঙ্ক্ষীরা।