


প্রকাশিত: নভেম্বর ২০ ২০২৬, ১৫:০৩

প্রয়াত কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন। ছবি: রয়টার্স
রুশ তরুণীদের প্রতি বিশেষ আগ্রহ ছিল কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের। তাদের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে আরও নারীর কাছে পৌঁছানোর চেষ্টা করতেন তিনি। একইসঙ্গে রাশিয়ার ধনকুবের ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন তিনি। এমনকি পরে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের চেষ্টাও করেছিলেন এপস্টিন।
বার্তা সংস্থা রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনেএপস্টিনের রাশিয়া-যোগাযোগসংক্রান্ত এমন নানা তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০০২ সালের নভেম্বরে ব্যক্তিগত বিমানে করে রাশিয়া সফর করেন এপস্টিন। তার সঙ্গে ছিলেন ব্রিটিশ সহযোগী ঘিসলাইন ম্যাক্সওয়েল এবং ফরাসি মডেল এজেন্ট জঁ-লুক ব্রুনেল। সেন্ট পিটার্সবার্গের আলেকজান্ডার প্যালেসের বিখ্যাত ‘মভ রুম’ দেখতে চেয়েছিলেন তিনি। নিজের ম্যানহাটনের বাড়ির একটি অংশ ওই ঘরের মতো রঙে সাজানোর পরিকল্পনা ছিল তার।
মস্কোতে যাত্রাবিরতির সময় এপস্টিন, ম্যাক্সওয়েল ও ব্রুনেল সশস্ত্র দেহরক্ষীদের নিয়ে বুলেটপ্রুফ গাড়িতে একটি রেস্তোরাঁয় যান। সেখানে তাদের সঙ্গে যোগ দেন ম্যাক্সওয়েলের বন্ধু ও ধনী চেচেন ব্যবসায়ী উমর ঝাবরাইলভ। পরে গাড়িতে করে তভেরস্কায়া সড়ক ঘুরে দেখেন এপস্টিন। রাতের বেলায় ওই সড়কের একাংশে দাঁড়িয়ে থাকা যৌনকর্মীদের দেখতে চেয়েছিলেন তিনি।
রাশিয়ার সঙ্গে এপস্টিনের যোগাযোগ অবশ্য শুধু ওই সফরেই সীমাবদ্ধ ছিল না। রয়টার্সের অনুসন্ধানে দেখা গেছে, সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত অঞ্চলে তার গড়ে তোলা যোগাযোগের নেটওয়ার্ক নতুন নারীদের সঙ্গে পরিচিত হওয়া ও আমেরিকায় রুশ নারীদের পাচারের মাধ্যম হয়ে উঠেছিল।
এপস্টিনের জীবনের শেষ ১০ বছরে ওই অঞ্চলের অন্তত নয়জন নারী তার কাছে নিজেদের বন্ধু বা পরিচিত নারীদের সুপারিশ করেছিলেন। তাদের বেশির ভাগই ছিলেন রুশ।
২০১৩ সালের একটি ই-মেইলে এক নারী এপস্টিনকে তিনজন আকর্ষণীয় ও বুদ্ধিমতী নারীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার প্রস্তাব দেন। তবে সতর্ক করে বলেন, তাদের সঙ্গে এপস্টিন যদি ‘খেলতে’ চান, তাহলে যেন তাকে এর মধ্যে না জড়ান।
পুতিনের সঙ্গে বৈঠকের চেষ্টা
নারীদের সঙ্গে যোগাযোগ ও পাচারের পাশাপাশি এক পর্যায়ে রাশিয়ার প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গেও সম্পর্ক গড়ে তুলতে চেয়েছিলেন এপস্টিন। বিশেষ করে ২০০৯ সালে পাম বিচে নিজের বাড়িতে গৃহবন্দিত্বে থাকার সময় থেকেই রুশ ধনীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নেন তিনি। তাদের কাছে নিজেকে আর্থিক বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে উপস্থাপন করতেন।
এপস্টিনের যোগাযোগের তালিকায় ছিলেন রুশ আবাসন খাতের ধনকুবের ভ্লাদিস্লাভ ডোরোনিন এবং ধাতু খাতের বিলিয়নিয়ার ওলেগ দেরিপাস্কা। ২০১০ সালে ডোরোনিনের সঙ্গে নিউইয়র্কের বাড়িতে নৈশভোজও করেন তিনি। মস্কোর একটি আবাসন প্রকল্প নিয়ে ডোরোনিনকে নিজের মতামত জানিয়েছিলেন এপস্টেইন।
২০১১ সালে রাশিয়া সফরের পরিকল্পনা করেছিলেন এপস্টিন। সে সময় তার এক কর্মীর ই-মেইলে বলা হয়, এপস্টিনের রুশ দেহরক্ষী ইগর জিনোভিয়েভ জানিয়েছেন, পুতিনের সঙ্গে তার বৈঠক নির্ধারিত রয়েছে। তবে শেষ পর্যন্ত সফরটি বাতিল হয়। এপস্টিনকে চিনতেন এমন তিনজনের ধারণা, পুতিনের সঙ্গে ওই বৈঠক আসলে কখনোই নির্ধারিত ছিল না।
এছাড়া ২০১৪ সালে প্যারিসে রাশিয়ার তৎকালীন উপ-অর্থমন্ত্রী সের্গেই বেলিয়াকভের সঙ্গে পরিচয় হয় এপস্টিনের। পরবর্তী সময়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি হয়। ২০১৫ সালে নিউইয়র্কের বাড়িতে এক নৈশভোজে বেলিয়াকভের সঙ্গে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের পরিচয় করিয়ে দেন তিনি।
এরপর বারাককে অনুরোধ করেন, পুতিন ও তার উপদেষ্টাদের কাছে এপস্টিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব পৌঁছে দিতে। এপস্টিনের ধারণা ছিল, বৈশ্বিক বাজার, মুদ্রা ও আর্থিক ব্যবস্থা নিয়ে আলোচনায় তার সঙ্গে সময় কাটালে পুতিন ও তার উপদেষ্টারা উপকৃত হবেন। তবে বারাক শেষ পর্যন্ত ওই বার্তা পৌঁছে দেননি।
সম্পর্কের শেষ পরিণতি
সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ী ও ডিপি ওয়ার্ল্ডের সাবেক চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলায়েমের মাধ্যমেও রাশিয়ার ক্ষমতাসীন মহলের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করেছিলেন এপস্টিন। ২০১৫ সালে বিন সুলায়েম পুতিনের সঙ্গে বৈঠক করে রাশিয়ার বন্দর ব্যবস্থাপনার সুযোগ নিয়ে আলোচনা করেন।
এ সময় এপস্টিন তার এক সহকারীর ভাইয়ের জন্য চাকরি খুঁজে দিতে বিন সুলায়েমকে অনুরোধ করেন। ২০১৭ সালের এক ই-মেইলে বিন সুলায়েম জানান, ওই ব্যক্তির সাক্ষাৎকার নেওয়া হবে। তবে শেষ পর্যন্ত চাকরির ব্যবস্থা হয়নি।
রয়টার্সের অনুসন্ধানে বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে সম্পর্ক গড়ার এসব প্রচেষ্টা থেকে বড় কোনো ব্যবসায়িক চুক্তি কিংবা দেশটিতে প্রকৃত প্রভাব অর্জন করতে পারেননি এপস্টিন। পুতিনের সঙ্গে তাঁর কখনো সাক্ষাৎ হয়েছিল বলেও কোনো প্রমাণ পাওয়া যায়নি।
তবে রাশিয়ার সঙ্গে এপস্টেইনের যোগাযোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক রয়ে গেছে। তার নির্যাতন ও শোষণের শিকার হওয়া রুশ নারীদের একটি অংশ এখনো ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন।
