হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের দুজন সৈন্যের ওপর গুলি চালানো সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন।
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এক বিবৃতিতে জানায়, বন্দুক হামলা করা ওই সন্দেহভাজন হলেন রহমানউল্লাহ লাখানওয়াল। ২৯ বছর বয়সী ওই যুবক আফগান নাগরিক। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে লাখানওয়াল অ্যামেরিকায় প্রবেশের সুযোগ পান।
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ২০২১ সালে আফগানিস্তান থেকে অ্যামেরিকান সৈন্য প্রত্যাহারের পর আফগানদের অ্যামেরিকায় আশ্রয় প্রদানের উদ্যোগ নেন বাইডেন।
ওই সময় লাখানওয়াল অ্যামেরিকায় প্রবেশের সুযোগ পান। বাইডেনের নীতির ভিত্তিতে অ্যামেরিকার অভিবাসন কর্তৃপক্ষ চলতি বছরের শুরুতে তাকে আশ্রয় দেয়।
এ ঘটনায় বাইডেনের ওপর দোষ চাপিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
ট্রাম্প তার এক বক্তব্যে বলেন,’ আফগানিস্তান হল পৃথিবীর এক নরক। সেখান থেকে ২০২১ সালে ফ্লাইটে করে অভিবাসী আনা শুরু করেন বাইডেন।
‘এ ঘটনা প্রমাণ করে, শরণার্থী ও অভিবাসী আশ্রয়দানে পূর্ববর্তী প্রশাসনের নীতিগুলো পুনর্বিবেচনা করা প্রয়োজন।’
এ হামলাকে সন্ত্রাসী কার্যক্রম উল্লেখ করে ট্রাম্প জানান, বাইডেনের আমলে অ্যামেরিকায় প্রবেশ করা প্রত্যেক আফগান অভিবাসীকে যাচাই করা হবে।
ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস কর্তৃপক্ষ জানায়, ইতোমধ্যে অ্যামেরিকায় আফগান অভিবাসী প্রবেশের সব কার্যক্রম বাতিল করা হয়েছে।
হোয়াইট হাউস সংলগ্ন মেট্রো স্টেশনের কাছে বুধবার ন্যাশনাল গার্ডের দুই সেনার ওপর হামলা করেন অভিযুক্ত লাখানওয়াল। পরে সেনাদের পাল্টা গুলিতে আহত করে তাকে আটক করা হয়।
বর্তমানে আটক হওয়া লাখানওয়াল তদন্ত কর্মকর্তাদের হেফাজতে আছেন। অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প।