নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে নিজ বাড়িতে এক নারী ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
আইউইটনেস নিউজ জানায়, মঙ্গলবার রাত ১০ টার আগে শহরের বেড-স্টাই ট্রুপ অ্যাভিনিউয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভুক্তভোগী হলেন ৮৫ বছর বয়সী জুলিয়া বুমার। ঘটনার দিন বাড়িতে রক্তাক্ত অবস্থায় জুলিয়াকে দেখতে পান তার মেয়ে।
মেয়ের ফোন পেয়ে ঘটনাস্থলে হাজির হয় নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি ও এমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস-ইএমস।
দ্রুত ভুক্তভোগীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যায় ইএমএস। পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ভুক্তভোগীর এক আত্মীয়কে সন্দেহভাজন হিসেবে আটক করেছে এনওয়াইপিডি।
পুলিশ আরও জানায়, আটক হওয়া ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি ঘটনাস্থল ঘেরাও দিয়ে ঘটনাটি খতিয়ে দেখছেন তদন্ত কর্মকর্তারা।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভুক্তভোগীর প্রতিবেশীরা।
প্রতিবেশীদের একজন বলেন, ‘জুলিয়া তার সারা জীবন এই বেড-স্টাই এলাকাতেই কাটিয়েছেন। তিনি আন্তরিক স্বভাবের ছিলেন, নিয়মিত গির্জায় যেতেন।‘
হত্যাকাণ্ড সম্পর্কিত তথ্য জানলে তা জানানোর আহ্বান জানিয়েছে এনওয়াইপিডি।