ইসরায়েলি বন্দি থাকা এলাকাসহ ফিলিস্তিনের গাজা উপত্যকা সম্পূর্ণ দখলের সিদ্ধান্তের কথা সোমবার নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
এ বিষয়ে দেশটির সামরিক বাহিনী আইডিএফের প্রধানকে কড়া বার্তা দিয়েছেন সরকারপ্রধান।
জেরুজালেম পোস্ট জানায়, ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর আইডিএফের চিফ অব দ্য জেনারেল স্টাফ ইয়াল জামিরের কাছে পাঠানো বার্তায় বলেছে, ‘এটা আপনার জন্য যথাযথ না হলে আপনার উচিত পদত্যাগ করা।’
গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধ বন্ধে দোহায় ইসরায়েল ও মধ্যস্থতাকারীদের মধ্যে মাসের পর মাস আলোচনার পর উল্লিখিত সিদ্ধান্তের কথা জানালেন নেতানিয়াহু।
প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধে এরই মধ্যে প্রায় ৬১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিরানভূমিতে পরিণত হয়েছে অবরুদ্ধ উপত্যকাটি। এর সঙ্গে যোগ হয়েছে ইসরায়েলি অবরোধে সৃষ্ট দুর্ভিক্ষের মতো পরিস্থিতি।
এমন বাস্তবতায় কোনো শান্তিচুক্তিতে আসতে হলে গাজায় শত শত ট্রাক সহায়তা প্রবেশ করাতে হবে বলে শর্ত দিয়েছে উপত্যকার নিয়ন্ত্রক দল হামাস।