ভারতের হিমাচল প্রদেশের এক সড়ক ধরে চলছিল একটি গাড়ি। হঠাৎ পাথরের বিশাল একটি খণ্ড এসে পড়ে গাড়িটির ওপর। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় গাড়িটির সামনের অংশ।
এনডিটিভি বৃহস্পতিবার জানায়, গত সপ্তাহে কিন্নুর এলাকার নাথপা পয়েন্টে ওই দুর্ঘটনা ঘটে। পাথর গড়িয়ে পড়ার ভয়াবহ দৃশ্যটি ধরা পড়ে গাড়িতে থাকা ক্যামেরায়।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, গাড়িটি ক্ষতির শিকার হলেও তাতে থাকা যাত্রীরা অলৌকিকভাবে অক্ষত ছিলেন। যদিও গাড়ির যাত্রীর প্রকৃত সংখ্যা জানা যায়নি।
ভিডিওতে দেখা যায়, পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথরখণ্ডটি গাড়ির সামনের অংশে আঘাত করে নদীতে গিয়ে পড়ে।
এর মাত্র কয়েক দিন আগে বিলাসপুর জেলায় ভয়াবহ ট্র্যাজেডির শিকার হন স্থানীয় বাসিন্দারা। জেলার ঝানদুতা উপবিভাগের অধীন বালুঘাট এলাকায় প্রবল বৃষ্টিজনিত ভূমিধসে চাপা পড়ে যাত্রীবাহী বাস। এতে ১৫ জন নিহত হন।
স্থানীয় লোকজন, পুলিশ সদস্য ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে এক্সক্যাভেটর দিয়ে বাসের ছাদ উন্মুক্ত করে উদ্ধার তৎপরতা চালানো হয়।
কিন্নুরের চৌরা এলাকায় আরেকটি ভূমিধসে জাতীয় মহাসড়ক-৫ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ভূমিধসে সড়কে পাথর ও মাটি পড়ায় উভয় প্রান্তে যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে।