ডাকাত কিংবা কোনো হিংস্র প্রাণীর আক্রমণ নয়। চলতি পথে মৌমাছির ঝাঁকের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি।
গালফ নিউজ জানায়, ভারতের পশ্চিমবঙ্গে ৬২ বছর বয়সী নির্মল দত্তের মুখে একসঙ্গে ৮৯০টি হুল ফোটায় মৌমাছির ঝাঁক, যা থেকে ওই ব্যক্তির মৃত্যু হয়।
পুলিশ জানায়, গত সোমবার চিকিৎসক ছেলেকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে সুকান্তপল্লী শহরে নিজ বাড়িতে ফিরছিলেন নির্মল।
যাত্রাপথে মেজর পার্ক নামের একটি জায়গায় পৌঁছালে ছেলে জানায় একটি মৌমাছি তাকে কামড় দেওয়ায় ব্যাথা অনুভব হচ্ছে।
স্বস্তি পেতে বাবাকে কিছুক্ষণের জন্য মোটরসাইকেল থামাতে অনুরোধ করেন ছেলে, কিন্তু যান থামানোর সঙ্গে সঙ্গে ঝাঁকে ঝাঁকে মোমাছি ঘিরে ধরে দুজনকে।
ছেলে দৌড়ে খানিকটা রক্ষা পেলেও নির্মলের মুখে একসঙ্গে শত শত হুল ফুটাতে শুরু করে মৌমাছি। উপায় না পেয়ে পরিত্রাণ পেতে সাহায্যের জন্য ছুটতে থাকেন ছেলে।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় পুলিশ।পরে কম্বল মুড়ি দিয়ে বাবা ও ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বেশ কয়েকদিন চিকিৎসার পর ভুক্তভোগী ছেলে সুস্থ হয়ে উঠেন, কিন্তু বৃহস্পতিবার চিকিৎসক নির্মলকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মৌমাছির অস্বাভাবিক আচরণ নিয়ে জনমনে প্রশ্ন ওঠেছে। জরুরি প্রতিরক্ষামূলক কারণ ছাড়া এ পতঙ্গ দলের এমন আক্রমণের ঘটনা বিরল।