মন্টানায় অবতরণের সময় বিমানের সংঘর্ষ, একাধিক বিমানে আগুন

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১২ ২০২৫, ৯:০৭ হালনাগাদ: ফেব্রুয়ারি ২৬ ২০২৬, ৫:৪১

রানওয়েতে পার্ক করা বিমানে জ্বলছে আগুন। ছবি: গালফ নিউজ

রানওয়েতে পার্ক করা বিমানে জ্বলছে আগুন। ছবি: গালফ নিউজ

  • 0

চারজন যাত্রী নিয়ে একক ইঞ্জিনের ঐ বিমানটি দুপুর ২টার দিকে বিমানবন্দরে অবতরণ করার চেষ্টা করছিল।

মন্টানার ক্যালিস্পেল এয়ারপোর্টে সোমবার অবতরণের সময় পার্ক করা বিমানের সাথে ধাক্কা লাগে একটি ছোট বিমানের। এতে মুহূর্তেই আগুন লেগে যায় রানওয়েতে পার্ক করা বিমানে।

তবে কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় গুরুতর আহত হওয়ার কোন খবর পাওয়া যায়নি।

ক্যালিস্পেল পুলিশের প্রধান জর্ডান ভেনেজিও ও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, চারজন যাত্রী নিয়ে একক ইঞ্জিনের ঐ বিমানটি দুপুর ২টার দিকে বিমানবন্দরে অবতরণ করার চেষ্টা করছিল।

প্রাথমিক তদন্তে জানা গেছে, পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে বিমান রানওয়েতে বিধ্বস্ত হয়। এরপর বিমানটি পার্ক করা কয়েকটি বিমানকে ধাক্কা দেয়। এতে বেশ কয়েকটি বিমানে আগুন লেগে যায়।

আগুন নেভানোর আগেই আগুন এলাকায় ছড়িয়ে পড়ে বলে ভেনেজিও জানান।

কালিস্পেল ফায়ার চিফ জে হ্যাগেন বলেছেন, বিমানটি থামার পর যাত্রীরা নিজেরাই বেরিয়ে আসতে সক্ষম হন। দুজন সামান্য আহত হয়েছেন এবং বিমানবন্দরে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

ন্যাশনাল ট্রান্সপোর্ট সেইফটি বোর্ডের মতে, ফ্লাইটটি ওয়াশিংটনের পুলম্যান থেকে যাত্রা করেছিল।

এফএএর রেকর্ড অনুযায়ী, এটি ২০১১ সালে তৈরি হয়েছিল এবং পুলম্যানের মিটার স্কাই এলএলসি নামের একটি কোম্পানির মালিকানাধীন ছিল। দুর্ঘটনার বিষয়ে কোম্পানির কেউ এখনো মন্তব্য করেনি।

গত ফেব্রুয়ারিতে মটলি ক্রু ব্যান্ডের গায়ক ভিন্স নীলের মালিকানাধীন একটি লারজেট বিমান অ্যারিজোনার স্কটসডেলে রানওয়েতে পার্ক করা একটি গালফস্ট্রিম বিমানে ধাক্কা মারে। এ ঘটনায় ১জন নিহত হন।