প্রথম প্রান্তিকে দেশের জিডিপি কমল ০.৩ শতাংশ

রিপোর্টঃ নিউয ডেস্ক

প্রকাশিত: মে ১ ২০২৫, ১:৪১ হালনাগাদ: জানুয়ারি ৬ ২০২৬, ১৮:২০

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

  • 0

প্রথম প্রান্তিকে দেশের অর্থনীতি দশমিক তিন শতাংশ সঙ্কুচিত হয়েছে। বুধবারে প্রকাশিত, ইকোনোমিক অ্যানালাইসিস বিউরোর তথ্য অনুযায়ী, ট্রাম্প প্রশাসনের আগ্রাসী শুল্কযুদ্ধ পাশ কাটাতে, স্থানীয় ভোক্তা ও ব্যবসায়ীরা বাড়িয়ে দিয়েছে পণ্যের আমদানি। তাতেই তিন বছরের মধ্যে এই প্রথম সঙ্কুচিত হলো অর্থনীতি।

বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ করে গত দোসরা এপ্রিলকে লিবারেশন ডে ঘোষণা করেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। দেশের মাটিতে শিল্প উৎপাদন ফিরিয়ে আনার পরিকল্পনা নিলেও, ট্রাম্পের পদক্ষেপে যেনো উল্টো পথে হাটছে দেশের অর্থনীতি।

দেশে জিডিপি প্রবৃদ্ধির হার ২০২৪ সালের শেষ প্রান্তিকে ছিল ২.৪ শতাংশ। ২০২৫ সালের প্রথম প্রান্তিক – জানুয়ারি থেকে মার্চে তা কমে দাঁড়িয়েছে দশমিক তিন শতাংশে। ২০২২ সালে কোভিড সংকটের পর থেকে অর্থনীতি এই ধরণের সংকোচনের মুখোমুখি হয় নি বলে জানায় কমার্স ডিপার্টমেন্টের ইকোনোমিক অ্যানালাইসিস বিউরো।

এপ্রিলের শুরুতে বিশ্বের প্রায় সব দেশের ওপর চড়া হারে পাল্টা শুল্ক আরোপ করেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে পরে তা নব্বই দিনের জন্য স্থগিত করেন তিনি। বাণিজ্য নিয়ে অন্যতম শীর্ষ ব্যবসায়ীক অংশীদার চায়নার সাথে সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে ট্রাম্প প্রশাসনের। শুল্ক পাশ কাটাতে স্থানীয় ভোক্তা ও ব্যবসায়ীরা বাড়িয়ে দেয় পণ্য আমদানি। তাতেই তিন বছরের মধ্যে এই প্রথম সংকোচনের কবলে দেশের অর্থনীতি।

পর পর দুই প্রান্তিকে অর্থনীতি সংকুচিত হলেই তাকে মন্দা বলা হয়। এই প্রসঙ্গে, কেপিএমজির চিফ ইকোনোমিস্ট ডায়ান সোঙ্ক সিএনএনকে বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ করছে মাঝারি এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের।

জিডিপি প্রবৃদ্ধির হার কমার ফলে দেশে মন্দা, এবং বিশ্বে অর্থনৈতিক স্থবিরতার শংঙ্কা বেড়ে যাচ্ছে। সামনের দিনগুলোতে, কর্মসংস্থানেও বিরূপ প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেন এই বিশ্লেষক।

জিডিপি প্রবৃদ্ধি হ্রাসের খবরে বিরুপ প্রভাব পড়েছে ওয়াল স্ট্রিটে। দরপতন হয়েছে দেশের শীর্ষ তিনটি সূচক ডাউ জোন্স, এস অ্যান্ড পি ফাইভ হান্ড্রেড, এবং ন্যাসডাকে। দিন শেষে দুইটি সূচক ইতিবাচক থাকলেও, ন্যাসডাক নেমেছে প্রায় পনের পয়েন্ট।

এদিকে, দেশের অর্থনীতি ও পুঁজিবাজার ধাক্কা খাওয়ায়, যথারীতি সাবেক প্রেসিডেন্ট বাইডেনকে দুষলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সাবেক প্রশাসনের দুর্বল অর্থনীতির জের কাটতে সময় লাগবে জানিয়ে, দেশের মানুষকে ধৈর্য ধরতে বললেন প্রেসিডেন্ট।