সম্প্রতি নিউইয়র্কের সমসাময়িক শিল্পকলার জাদুঘর নিউ মিউজিয়ামে চালু হয়েছে ‘ওবেরন’ নামের একটি রেস্তোরাঁ। দুপুরের খাবারের সময় সেখানে ভিড় করছেন দর্শনার্থী ও খাবারপ্রেমীরা। রঙিন সালাদ, গ্রিল করা চিংড়ি এবং পাস্তার মতো নানা পদ নিয়ে সাজানো হচ্ছে খাবারের আয়োজন।
ম্যানহাটনের এই ভবনটি আগে সালভাদর দালি ও মার্সেল দুশাঁর মতো বিখ্যাত শিল্পীদের কাজ প্রদর্শনের জন্য পরিচিত ছিল। এখন সেখানে যুক্ত হয়েছে উচ্চমানের রেস্তোরাঁর অভিজ্ঞতা।
নিউ মিউজিয়ামের পরিচালক ম্যাসিমিলিয়ানো জিওনি স্বীকার করেছেন, নিউইয়র্কের মতো রেস্তোরাঁসমৃদ্ধ শহরে নতুন প্রতিষ্ঠান হিসেবে জায়গা করে নেওয়া সহজ নয়। এখানে প্রতিযোগিতা অত্যন্ত কঠিন।
বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বৃহত্তর রেস্তোরাঁ বাজারে প্রতিষ্ঠানটি সফল হতে পারবে কি না, সেটিই হবে বড় পরীক্ষা। তার ভাষায়, এই লক্ষ্য থেকেই তাদের উচ্চাকাঙ্ক্ষার মাত্রা বোঝা যায়।
জাদুঘরের ভেতরে অবস্থিত ওবেরনের ৯০ আসনের ডিম্বাকৃতির খাবার কক্ষটি বিশেষ নকশায় তৈরি। জিওনি জায়গাটিকে মহাকাশযানের সঙ্গে তুলনা করেছেন। শৈল্পিক নকশা ও বিশেষ ধরনের কাচের জানালা দিয়ে সাজানো হয়েছে পুরো পরিবেশ।
রেস্তোরাঁটিতে খাবার খেতে জাদুঘরের প্রবেশমূল্য দিতে হয় না। রাতের খাবারের জন্য রয়েছে আলাদা প্রবেশপথ, যা গ্রাফিতিতে আঁকা একটি গলির মধ্য দিয়ে প্রবেশ করা যায়। অনেকটা গোপন প্রবেশপথের মতো করে সাজানো হয়েছে জায়গাটি।
জিওনির আশা, একসময় মানুষ শুধু রেস্তোরাঁয় খেতে আসবে, এমনকি তারা যে জায়গাটি একটি জাদুঘরের অংশ, সেটিও হয়তো জানবে না।
বিলাসবহুল ভ্রমণ ও জীবনধারাবিষয়ক সাময়িকী কন্ডে নাস্ট ট্রাভেলার ওবেরনকে ম্যানহাটনের সবচেয়ে আলোচিত নতুন রেস্তোরাঁ উদ্বোধনগুলোর একটি হিসেবে উল্লেখ করেছে।
নিউইয়র্কের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোতে এমন রেস্তোরাঁ চালুর প্রবণতা অবশ্য নতুন নয়। গত বছর দ্য ফ্রিক কালেকশন চালু করেছে ওয়েস্টমোরল্যান্ড ক্যাফে। এপ্রিলে নিলাম প্রতিষ্ঠান সোথেবিজ তাদের কার্যক্রমে যুক্ত করেছে ফরাসি রেস্তোরাঁ ‘মার্সেল’।
এদিকে কুইন্সে অবস্থিত মিউজিয়াম অব মডার্ন আর্টের সহযোগী প্রতিষ্ঠান এমওএমএ পিএস ওয়ান-এ ২০২৭ সালের শুরুর দিকে চালুর পরিকল্পনা রয়েছে ফরাসি-আফ্রিকান খাবারের ক্যাফে ‘সিমোন’।
আমেরিকান অ্যালায়েন্স অব মিউজিয়ামের এলিজাবেথ মেরিটের মতে, এসব প্রতিষ্ঠানে পরিচিত ও দক্ষ শেফদের যুক্ত করা হচ্ছে, যাঁরা নিজেরাই দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্র হতে পারেন। এর ফলে জাদুঘরে নতুন শ্রেণির দর্শক আসার সুযোগ তৈরি হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, খাবার ও শিল্পকলার এই সমন্বয় জাদুঘরের প্রচলিত ধারণাকে বদলে দিচ্ছে। ফলে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো এখন প্রদর্শনীর পাশাপাশি খাবার ও সামাজিক অভিজ্ঞতারও নতুন গন্তব্য হয়ে উঠছে।
এএফপি।