মূল্যস্ফীতির চাপে সতর্ক ক্রেতা এবং আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) নির্ভর কেনাকাটার প্রবণতার মধ্যে এবারের ব্ল্যাক ফ্রাইডেতে বড় পরীক্ষার মুখে পড়েছেন আমেরিকার খুচরা বিক্রেতারা। একদিকে ছুটির মৌসুমে ১ ট্রিলিয়ন ডলারের বেশি বিক্রির প্রত্যাশা, অন্যদিকে ক্রেতাদের ব্যয় সংকোচন ও অনলাইনে পণ্যের দাম তুলনা করার প্রবণতা ব্যবসায় নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ব্ল্যাক ফ্রাইডে এখন আর শুধু এক দিনের কেনাকাটার আয়োজন নয়। অক্টোবর থেকেই বিভিন্ন প্রতিষ্ঠান অনলাইন ও সরাসরি দোকানে ছাড়ের প্রচার শুরু করেছে। ওয়ালমার্ট, টার্গেট, অ্যামাজন ও বেস্ট বাইয়ের মতো প্রতিষ্ঠান ছুটির মৌসুমের বাজার ধরতে দীর্ঘ সময় ধরে বিশেষ অফার দিচ্ছে।
ন্যাশনাল রিটেইল ফেডারেশনের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের নভেম্বর ও ডিসেম্বরে আমেরিকার খুচরা বিক্রি গত বছরের তুলনায় ৪ দশমিক ২ শতাংশ বেড়ে ১.০১৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। তবে এই প্রবৃদ্ধির একটি অংশ মূল্যস্ফীতির কারণে হতে পারে। সংস্থাটির হিসাবে, থ্যাংকসগিভিং সপ্তাহান্তে কেনাকাটা করতে পারেন ১৮২.৭ মিলিয়ন ক্রেতা, যা গত বছরের ২০২.৯ মিলিয়নের চেয়ে কম।
ডেলয়েটের এক জরিপে দেখা গেছে, ব্ল্যাক ফ্রাইডে থেকে সাইবার মানডে পর্যন্ত একজন ক্রেতার গড় ব্যয় ৬২৪ ডলারে স্থির থাকতে পারে। তবে এ সময়ে কেনাকাটায় অংশ নেওয়া মানুষের হার ১০ বছরের মধ্যে সর্বোচ্চ ৮৭ শতাংশে পৌঁছাতে পারে।
এদিকে পণ্য খোঁজা, দাম তুলনা ও ছাড়ের তথ্য পেতে এআইয়ের ব্যবহার বাড়ছে। সেলসফোর্সের তথ্য অনুযায়ী, প্রতি পাঁচজন ক্রেতার প্রায় একজন এআই টুল ব্যবহার করে কেনাকাটা শুরু করছেন। প্রতিষ্ঠানটির পূর্বাভাস, এ বছর বিশ্বব্যাপী সাইবার উইক বিক্রির ৭৫.৮ বিলিয়ন ডলার বা ২১ শতাংশে প্রভাব ফেলতে পারে এআই ও ডিজিটাল এজেন্ট।
সেলসফোর্স আরও জানিয়েছে, এআইয়ের মাধ্যমে খুচরা বিক্রেতাদের ওয়েবসাইটে আসা ট্রাফিক গত বছরের তুলনায় দ্বিগুণের বেশি হয়েছে। এআইয়ের সুপারিশ থেকে আসা ক্রেতাদের কেনাকাটার সম্ভাবনাও সাধারণ ই-কমার্স ক্রেতাদের তুলনায় দ্বিগুণ।
ইলেকট্রনিকস পণ্যে এবার উল্লেখযোগ্য ছাড় দিচ্ছে বিক্রেতারা। ওয়ালমার্টে ৮৫ ইঞ্চির ভিজিও টিভির দাম কমিয়ে ৪৯৮ ডলার করা হয়েছে, আগে যার দাম ছিল ৬৯৮ ডলার। বেস্ট বাইয়ে ৬৫ ইঞ্চির টিসিএল টিভির দাম ৪৬৯.৯৯ ডলার থেকে কমিয়ে ২২৯.৯৯ ডলার এবং এইচপি ল্যাপটপের দাম ৭৯৯.৯৯ ডলার থেকে কমিয়ে ৪৪৯.৯৯ ডলার করা হয়েছে।
খেলনা, সৌন্দর্যপণ্য, গৃহস্থালি সামগ্রী ও রান্নাঘরের সরঞ্জামেও ছাড় দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। তবে মূল্যস্ফীতি ও ক্রেতাদের সতর্ক ব্যয়ের কারণে এবারের ব্ল্যাক ফ্রাইডেতে বিক্রির পাশাপাশি ছাড়ের কার্যকারিতা এবং এআইয়ের মাধ্যমে ক্রেতা আকর্ষণের সক্ষমতাও খুচরা বিক্রেতাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।