ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ায় ইসরায়েলের অর্থনৈতিক ও রাজনৈতিক জটিল করার অভিযোগে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার মূলত নিজেদের রাজনৈতিক স্বার্থে এই যুদ্ধে জড়িয়েছে- এমন অভিযোগে রাজধানী তেল আভিভে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন শত শত মানুষ।
বিক্ষোভটি এমন সময় শুরু হয়েছে, যখন ইরানকে ঘিরে অ্যামেরিকার সঙ্গে চলমান যুদ্ধবিরতি আলোচনা বারবার ভেস্তে যেতে শুরু করেছে।
বিক্ষোভকারীরা বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
তাদের দাবি, এই যুদ্ধ কোনো সমাধান এনে দেয়নি, বরং আঞ্চলিক নিরাপত্তা আরও অনিশ্চিত করে তুলেছে।
এদিকে, শনিবার ইরান যুদ্ধের মধ্যস্থতাকারীদের পাকিস্তানে পাঠানোর কথা থাকলেও দুই প্রতিনিধির সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এর ফলে শান্তি আলোচনায় নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
অন্যদিকে, ইসরায়েল জানিয়েছে, লেবাননের সঙ্গে নাজুক যুদ্ধবিরতির মধ্যেও তারা হিযবুল্লাহর লক্ষ্যবস্তুতে জোরালো হামলা চালাবে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে।
বিক্ষোভকারীদের দাবি, যুদ্ধ নয়, কূটনৈতিক সমাধানই হতে পারে টেকসই শান্তির একমাত্র পথ। তবে চলমান উত্তেজনায় সেই পথ কতটা সহজ হবে, তা নিয়ে রয়ে গেছে বড় প্রশ্ন।