প্রথমে একটি আশ্রয়কেন্দ্রে নিয়ে ২ বছর বয়সী ছেলে সন্তানকে মারধর করেন বাবা। পরে গুরুতর আহত সন্তানকে ফেলে রাখেন বিনা চিকিৎসায়।
পুলিশ কর্তৃক উদ্ধারের পর ভুক্তভোগী ওই সন্তান এখন মৃত্যুর লড়াই করছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে।
আইউইটনেস নিউজ জানায়, সন্তানকে নির্মমভাবে আহত করা ওই বাবা হলেন ড্যাভন মরিসন(৩০), যাকে নিউ ইয়র্ক সিটির কুইন্স থেকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টোমেন্ট- এনওয়াইপিডি।
এনওয়াইপিডি জানায়, এ ঘটনায় শিশু সন্তানকে পেটানোর অভিযোগে মরিসনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। পরিবর্তিতে এ মামলার সংখ্যা আরও বাড়তে পারে।
পুলিশ আরও জানায়, শুক্রবার রাতে ম্যানহাটন ভিউ হোটেলে(বর্তমানে আশ্রয়কেন্দ্র) ঘটনার সূত্রপাত।
হোটেলের ভিতর বেধড়ক পেটানোর পর শনিবার সকালে গুরুতর আহত সন্তানকে স্ট্রলারে করে ইস্ট হারলেমে পৌঁছান মরিসন। সেখানে সোমবার সকাল পর্যন্ত ভুক্তভোগী শিশুটি পড়ে ছিল বিনা চিকিৎসায়।
পরে জরুরি নম্বরে ফোন পেয়ে সোমবার বিকেল ৩টার দিকে ইস্ট ওয়ান হানড্রেড সেকেন্ড স্ট্রিট ও থার্ড অ্যাভিনিউয়ের পার্শ্ববর্তী এলাকা থেকে ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে পুলিশ।
সঙ্গে সঙ্গে মস্তিষ্কে গুরুতর আঘাত পাওয়া ওই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন শিশুটির মস্তিষ্কে আঘাত ও খুলিতে ফাটলজনিত কারণে একাধিক অস্ত্রপচার করা হয়েছে।
ভুক্তভোগীর মা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, ‘আমার বাচ্চা এখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আমার প্রার্থনা ছাড়া আর কিছুই করার নেই।’