আইওয়ায় বিপজ্জনক বিস্ফোরক ধ্বংস করা কেন জরুরি মনে করছে ইউএস আর্মি? ঝুঁকি কী?
AI generated lead-filled explosives
- 0

AI generated lead-filled explosives

প্রকাশিত: নভেম্বর ২১ ২০২৬, ১৫:৪১ হালনাগাদ: নভেম্বর ২১ ২০২৬, ১৬:৪৮

আমেরিকার আইওয়া স্টেইটে বিপজ্জনক ও অস্থিতিশীল বিস্ফোরক ধ্বংস করতে চায় দেশটির সেনাবাহিনী ইউএস আর্মি। দীর্ঘদিন ধরে সংরক্ষিত এসব বিস্ফোরকে রাসায়নিক পরিবর্তন দেখা দেওয়ায় যেকোনো সময় অনিয়ন্ত্রিত বিস্ফোরণের আশঙ্কা তৈরি হয়েছে বলে দাবি করছে ইউএস কর্তৃপক্ষ। তবে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সেগুলো ধ্বংসের পরিকল্পনা ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ।
এমন পরিস্থিতিতে পরিবেশবাদী সংগঠনগুলোর করা মামলার পর বিস্ফোরক ধ্বংসের পরিকল্পনায় সাময়িক স্থগিতাদেশ দিয়েছেন আমেরিকার একটি ফেডারেল আপিল আদালত।
সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, আইওয়ার মিডলটন এলাকায় অবস্থিত আইওয়া আর্মি অ্যামুনিশন প্ল্যান্টে ৬৮টি ড্রামে প্রায় ৯ হাজার ৫০০ পাউন্ড বা ৪ দশমিক ৩ টন লেড অ্যাজাইড সংরক্ষিত রয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে সেখানে দুটি নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানোর কথা ছিল। পরে সেনাবাহিনী তা সোমবার পর্যন্ত পিছিয়ে দেয়। এর মধ্যেই আদালতের স্থগিতাদেশ আসে।
ইউএস আর্মির তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চে নিয়মিত পরিদর্শনের সময় সংরক্ষিত ৬৮টি ড্রামে লেড অ্যাজাইডের রিক্রিস্টালাইজেশনের লক্ষণ শনাক্ত হয়। অর্থাৎ রাসায়নিকটির পুনঃস্ফটিকায়নের ফলে এটি অত্যন্ত সংবেদনশীল ও অস্থিতিশীল হয়ে উঠেছে। লেড অ্যাজাইড একটি ‘প্রাইমারি ইনিশিয়েটিং এক্সপ্লোসিভ’, যা সামরিক গোলাবারুদের ডেটোনেটর তৈরিতে ব্যবহৃত হয়। সামান্য ঘর্ষণ, ঝাঁকুনি, স্ফুলিঙ্গ কিংবা সূক্ষ্ম আঘাতেও এটি বিস্ফোরিত হতে পারে।
এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি বলছে, লেড অ্যাজাইডের পুনঃস্ফটিকায়ন স্বতঃস্ফূর্ত বিস্ফোরণের ঝুঁকি বাড়িয়ে দেয়। এ ছাড়া শীতের তাপমাত্রা কমে গেলে রাসায়নিকটির অস্থিতিশীলতা আরও বাড়তে পারে।
সেনাবাহিনীর কর্মকর্তাদের মতে, বিস্ফোরকগুলো অন্যত্র সরিয়ে নেওয়া নিরাপদ নয়। রাসায়নিকগুলো নিষ্ক্রিয় করার চারটি বিকল্প পদ্ধতি পর্যালোচনার পর নিয়ন্ত্রিত বিস্ফোরণকেই তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ উপায় হিসেবে বিবেচনা করা হয়েছে।
ইউএস আর্মির অ্যাক্টিং সেক্রেটারি অ্যাডাম টেলে এক বিবৃতিতে বলেন, তাৎক্ষণিকভাবে এবং আশপাশের এলাকার মানুষের জন্য সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ বিকল্প হিসেবে নিয়ন্ত্রিত বিস্ফোরণকে বেছে নেওয়া হয়েছিল।
বিস্ফোরণের ফলে সিসাযুক্ত ধূলিকণা বাতাসে ছড়িয়ে আশপাশের বাড়িঘর, মাটি ও কৃষিজমি দূষিত করতে পারে। আইওয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড সিওয়ের্টনির মতে, এসব কণা বাতাসে ছড়িয়ে পড়ার পাশাপাশি মাটিতে জমে দীর্ঘমেয়াদি দূষণ তৈরি করতে পারে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দূষিত খাবার, পানি ও ধূলিকণার মাধ্যমে সিসা মানবদেহে প্রবেশ করে মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের ক্ষতি করতে পারে। বিশেষ করে ছয় বছরের কম বয়সী শিশুরা সিসার বিষক্রিয়ায় বেশি ঝুঁকিতে থাকে।
আইওয়ার মিডলটন শহরের প্রায় ৩৬০ বাসিন্দা সম্ভাব্য বিস্ফোরণ ও সিসাদূষণ নিয়ে উদ্বিগ্ন। সামরিক স্থাপনার বিপরীতে বসবাসকারী তিন সন্তানের বাবা শন বায়ার্সের আশঙ্কা, বিস্ফোরণের পর ছড়িয়ে পড়া সিসা দীর্ঘদিন পরিবেশে থেকে শিশুদের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।
তিনি অভিযোগ করেন, প্রতিবেশীর মাধ্যমে বিস্ফোরণের পরিকল্পনার কথা জানতে পেরেছেন। নিরাপত্তার উদ্বেগে পরিবার নিয়ে মিজৌরিতে কয়েক দিনের জন্য চলে যাওয়ার পরিকল্পনাও করেছিলেন। সেনাবাহিনীর দেওয়া ছয় ঘণ্টা পর বাড়ি ফেরার নিরাপত্তা-আশ্বাস নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।
সেনাবাহিনী জানিয়েছে, বিস্ফোরণের ক্ষতি কমাতে লেড অ্যাজাইডের ড্রামগুলো মাটিচাপা কংক্রিটের স্থাপনার ভেতরে ধ্বংস করার পরিকল্পনা ছিল। চারপাশে বালুভর্তি উঁচু প্রতিরোধক দেয়াল নির্মাণ এবং বিস্ফোরণের আগে ও সময় পানি ছিটিয়ে ধূলিকণা নিয়ন্ত্রণের ব্যবস্থাও রাখা হয়েছিল।
এ ছাড়া বিস্ফোরণের সময় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দেওয়ার পরিকল্পনা ছিল। সেনাবাহিনীর দাবি, এসব ব্যবস্থার ফলে বাতাসে কিছু সিসার কণা ছড়ালেও তা এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির নির্ধারিত প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের সীমার নিচে থাকবে।
বিস্ফোরণের পরিকল্পনা নিয়ে স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদী সংগঠনগুলোর আপত্তির পর বিষয়টি আদালতে গড়ায়। তাঁদের অভিযোগ, সম্ভাব্য পরিবেশগত ক্ষতি ও বিকল্প পদ্ধতি সম্পর্কে যথেষ্ট তথ্য প্রকাশ করা হয়নি এবং স্থানীয়দের আগেভাগে জানানো হয়নি।
আইওয়ার নবনির্বাচিত গভর্নর রব স্যান্ডও সরকারের যোগাযোগের ঘাটতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। পরে পরিবেশবাদী সংগঠনগুলোর মামলার পরো আমেরিকার অষ্টম সার্কিট কোর্ট অব আপিলস জরুরি ভিত্তিতে বিস্ফোরণ কার্যক্রমে সাময়িক স্থগিতাদেশ দেয়।
ফলে আপাতত বিস্ফোরণ পরিকল্পনা বন্ধ রয়েছে। তবে এটি স্থায়ীভাবে বাতিলের সিদ্ধান্ত নয়। একদিকে অনিয়ন্ত্রিত বিস্ফোরণের ঝুঁকি, অন্যদিকে সিসাদূষণের আশঙ্কা—দুই সংকটের মধ্যে রয়েছে আইওয়ার স্থানীয় জনপদ।
