বন্দুক হামলায় রক্তাক্ত জর্জিয়ার বিশ্ববিদ্যালয়

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৯ ২০২৫, ৮:২১ হালনাগাদ: ফেব্রুয়ারি ১ ২০২৬, ২:২৬

নিহত পুলিশ কর্মকর্তা ডেভিড রোজ। ছবি: এবিসি নিউজ

নিহত পুলিশ কর্মকর্তা ডেভিড রোজ। ছবি: এবিসি নিউজ

  • 0

নিহত অফিসার রোজ ২০২৪ সালের সেপ্টেম্বরে ডেকাল্ব কাউন্টি পুলিশে যোগ দিয়েছিলেন।

জর্জিয়ার আটলান্টার এমোরি ইউনিভার্সিটি ক্যাম্পাসে শুক্রবার বন্দুক হামলায় ৩৩ বছর বয়সী ডেভিড রোজ নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

এবিসি নিউজ জানায়, ঘটনায় সন্দেহভাজন হামলাকারীরও মরদেহ উদ্ধার করা হয়েছে।

ডেকাল্ব কাউন্টি পুলিশ ডিপার্টমেন্ট এক জানায়, নিহত পুলিশ কর্মকর্তা রোজ হামলাকারীকে থামাতে গিয়ে গুলিবিদ্ধ হন। তাকে কাছাকাছি এমোরি ইউনিভার্সিটি হসপিটালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আটলান্টা পুলিশ ডিপার্টমেন্ট জানায়, গুলি চালানোর ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বন্দুকধারী আত্মহত্যা করেছেন।

এই ঘটনায় কোনও বেসামরিক ব্যক্তি গুলিবিদ্ধ হননি বলে জানিয়েছে পুলিশ।

অনলাইনে পোস্ট করা এক বিবৃতিতে ডেকাল্ব পুলিশ ডিপার্টমেন্ট বলেছে, ‘অফিসার রোজ সাহস, সততা এবং অটল নিষ্ঠার সাথে ডেকাল্ব কাউন্টিতে সেবা করেছেন। বিপদের মুখেও তিনি আমাদের কমিউনিটিকে রক্ষার জন্য কর্তব্য পালনে অটল ছিলেন।'

রোজ ২০২৪ সালের সেপ্টেম্বরে ডেকাল্ব কাউন্টি পুলিশে যোগ দিয়েছিলেন। তিনি এক স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

এ ঘটনাকে কাউন্টির জন্য একটি কালো দিন হিসেবে আখ্যায়িত করেছেন ডেকাল্ব কাউন্টির সিইও লরেন কোচরান-জনসন।

উল্লেখ্য, শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টা ৫০ মিনিটে এমোরি ইউনিভার্সিটি ক্যাম্পাসে গোলাগুলি শুরু হয়। যার ফলে বিশ্ববিদ্যালয়ে আশ্রয়স্থল ঘোষণা করা হয় এবং ঘটনাস্থল সংলগ্ন সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-সিডিসির সদর দপ্তর লকডাউন ঘোষণা করা হয়।

পুলিশ জানিয়েছে, ডেকাল্ব কাউন্টির পুলিশ কর্মকর্তারা সিডিসি ভবনের বিপরীতে অবস্থিত এমোরি পয়েন্ট সিভিএস ফার্মেসির দ্বিতীয় তলায় সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজে পান। সন্ধ্যা ছয়টা ৪৩ মিনিটে আটলান্টা পুলিশ ডিপার্টমেন্ট হামলাকারী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ডিপার্টমেন্টের এক বিবৃতিতে জানানো হয়, বর্তমানে এমোরি ক্যাম্পাস ও আশপাশের এলাকায় আর হুমকি নেই।

হামলার নিন্দা জানিয়ে জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, স্টেইটে চলতি সপ্তাহে এটি ছিল দ্বিতীয় হাই-প্রোফাইল বন্দুক হামলা।

এফবিআই আটলান্টা এবং জর্জিয়া ব্যুরো অফ ইনভেস্টিগেশন ঘটনাটি তদন্ত করছে।