Skip to main content

১৮০টি গুলি ছুড়ে দেড়শ জানালা ভাঙেন সিডিসিতে হামলাকারী

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১১ ২০২৫, ২৩:৩৭

আটলান্টায় সিডিসির সদরদপ্তরে হামলার পরের দিন শনিবার নিকটস্থ সিভিএস ফার্মেসির দরজায় দৃশ্যমান গুলির গর্ত। ছবি: এপি

আটলান্টায় সিডিসির সদরদপ্তরে হামলার পরের দিন শনিবার নিকটস্থ সিভিএস ফার্মেসির দরজায় দৃশ্যমান গুলির গর্ত। ছবি: এপি

  • 0

ক্ষতিগ্রস্ত জানালা প্রতিস্থাপন ও ক্ষতিগ্রস্ত সামগ্রী সরাতে কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাস লাগতে পারে বলে জানিয়েছেন সিডিসির কর্মীরা।

জর্জিয়ার রাজধানী আটলান্টায় শুক্রবার সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-সিডিসির সদরদপ্তরে হামলাকারী ব্যক্তি ওই এলাকায় ১৮০টির বেশি গুলি ছুড়ে ১৫০টি জানালা ভাঙেন বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস।

সিডিসির অভ্যন্তরীণ তথ্যের বরাতে বার্তা সংস্থাটি সোমবার এ তথ্য জানায়।

ক্ষতিগ্রস্ত জানালা প্রতিস্থাপন ও ক্ষতিগ্রস্ত সামগ্রী সরাতে কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাস লাগতে পারে বলে জানিয়েছেন সিডিসির কর্মীরা।

কোভিড-১৯-এর টিকা নিয়ে বিষণ্নতা ও আত্মহত্যার চিন্তায় ভোগার অভিযোগ করা জর্জিয়ার এক ব্যক্তি শুক্রবার সিডিসি ক্যাম্পাসে হামলা চালান। এ ঘটনায় সাড়া দিতে আসা এক পুলিশ কর্মকর্তা নিহত হলেও সিডিসির কোনো কর্মী হতাহত হননি।

আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা এপিকে জানান, হামলাকারীকে শুরুতে আটকান সিডিসির নিরাপত্তারক্ষীরা। পরে হামলাকারী গাড়ি চালিয়ে নিকটস্থ একটি ফার্মেসিতে গিয়ে শুক্রবার বিকেলে গুলি ছোড়া শুরু করেন।

হামলার তদন্তের বিষয়ে প্রকাশ্যে কথা বলার অনুমতি নেই ওই কর্মকর্তার। তাই নাম প্রকাশ করতে চাননি তিনি।

প্যাট্রিক জোসেফ হোয়াইট নামের ৩০ বছর বয়সী হামলাকারী পরবর্তী সময়ে নিহত হন, তবে তিনি আত্মহত্যা করেন নাকি পুলিশের গুলিতে নিহত হন, তা জানায়নি কর্তৃপক্ষ।

ইউএস ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস-এইচএইচএস এক বিবৃতিতে জানায়, হেলথ সেক্রেটারি রবার্ট এফ. কেনেডি জুনিয়র সোমবার সিডিসি ক্যাম্পাসে যান। সে সময় প্রতিষ্ঠানটির বিভিন্ন ভবনে ভাঙা জানালা দেখেন তিনি। এ ছাড়া প্রধান গার্ড বুথেও ভাঙা জানালা ছিল।

বিবৃতিতে জানানো হয়, কেনেডি জুনিয়রের সঙ্গে ছিলেন এইচএইচএসের ডেপুটি সেক্রেটারি জিম ও’নিল ও সিডিসির পরিচালক সুসান মোনারেজ।