ইরানের ইসলামিক রিভোলশনারি গার্ড কর্পস-আইআরজিসির গোয়েন্দাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদেমি এক হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল।
একই হামলায় আইআরজিসির কুদস ফোর্সের আন্ডারকভার ইউনিটের প্রধান আসগর বাঘেরি নিহত হওয়ার দাবিও করেছে এক ইসরায়েলি কর্মকর্তা।
ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফের এক এক্স পোস্টে আনুষ্ঠানিকভাবে খাদেমি নিহত হওয়ার খবর জানানো হয়েছে। তবে বাঘেরির নিহতের খবর এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
আইডিএফের পোস্টে জানানো হয়, ইসরায়েল ডিফেন্স ফোর্সেস- আইডিএফ খাদেমি হত্যার খবর নিশ্চিত করেছে। খাদেমির বিরুদ্ধে বিদেশে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা ও বিক্ষোভকারী ইরানি নাগরিকদের ওপর নজরদারি তদারকি করার অভিযোগ রয়েছে।
ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, খাদেমি ছিলেন আইআরজিসির দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি। গত এক বছরে তার বিরুদ্ধে অ্যামেরিকা-ইসরায়েল একাধিক অভিযান চালালেও তিনি বেঁচে ছিলেন।
খাদেমি বারবার স্থান পরিবর্তন করতেন কিন্তু শেষ পর্যন্ত তিনি ধরা পড়েছেন। এবার তাকে খুঁজে বের করে হত্যা করা হয়েছে।
কর্মকর্তাদের বরাত দিয়ে ফক্স নিউজ আরও জানায়, পেন্টাগনসহ অ্যামেরিকার বিভিন্ন নেটওয়ার্কিং সিস্টেমে অনুপ্রবেশের চেষ্টায় জড়িত ছিলেন খাদেমি। অ্যামেরিকার শত্রুপক্ষ রাশিয়ার সঙ্গে সমন্বয় রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।
এদিকে মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের এজেন্ট নিয়োগ এবং ইরাক ও সিরিয়াতে অ্যামেরিকান লক্ষ্যবস্তুতে হামলা পরিচালনা করতেন বাঘেরি। তার নেতৃত্বে হামলায় উল্লেখযোগ্য সংখ্যক অ্যামেরিকান কর্মকর্তা হতাহতের ঘটনা ঘটেছে।