ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইস কর্তৃক গ্রেপ্তার হওয়া এক অভিবাসী শিক্ষার্থীকে মুক্তি দেওয়া হয়েছে।
নিজ ক্যাম্পাস আবাসন থেকে বৃহস্পতিবার ভোরে গ্রেপ্তার হওয়ার কয়েক ঘণ্টা পর তাকে মুক্তি দেওয়া হয়।
আইউইটনেস নিউজ জানায়, আইস কর্তৃক গ্রেপ্তারের শিকার ওই ছাত্রী হলেন এলাইনা আঘায়েভা(২৯)। তিনি নিউ ইয়র্ক সিটির কলম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং আজারবাইজানের নাগরিক।
বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ক্লেইরি শিপম্যান এক ভিডিও বার্তায় জানান, বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ভুয়া পরিচয় দিয়ে আইস ক্যাম্পাস আবাসনে প্রবেশ করে ওই ছাত্রকে গ্রেপ্তার করে।
শিপম্যান বলেন,’কর্মকর্তারা নিখোঁজ একটি শিশুকে খুঁজতে আসার কথা বলে ভিতরে ঢুকেন।ভিতরে ঢুকার পর স্পষ্ট হয় যে তারা মিথ্যা বলেছেন।‘
শিপম্যানের ভাষ্য, ‘ওই সময় একজন পাবলিক সেফটি কর্মকর্তা তাদের কাছে গ্রেপ্তারি পরোয়ানা দেখতে চাইলেও তা দেখানো হয়নি।
‘কোনো উর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি অবগত করার আগেই ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়।‘
গ্রেপ্তারের পর ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি-ডিএইচএস জানায়, আঘায়েভা একজন অবৈধ অভিবাসী। ২০২৬ সালে ক্লাসে অনুপস্থিত না থাকার কারণে তার ভিসা বাতিল হয়ে গিয়েছিল।
তবে সুনির্দিষ্ট গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া শিক্ষার্থীকে গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ জানায় অভিবাসী অধিকারকর্মীরা।
হোয়াইট হাউসে বৃহস্পতিবার বিকেলে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে ওই অভিবাসী শিক্ষার্থীকে মুক্তি দিতে অনুরোধ জানান নিউ ইয়র্ক সিটির মেয়র জোরান মামদানি। ওই সময় প্রেসিডেন্ট ট্রাম্প মুক্তির বিষয়ে সম্মত হন।