Skip to main content

অ্যামেরিকার দিকে একসঙ্গে ধেয়ে আসছে জোড়া হারিকেন

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৪ ২০২৫, ১১:৩০ হালনাগাদ: জুন ১৬ ২০২৬, ৯:৪৬

অ্যামেরিকা ও মেক্সিকোর দিকে ধেয়ে আসছে জোড়া হারিকেন। ছবি: এবিসি নিউজ

অ্যামেরিকা ও মেক্সিকোর দিকে ধেয়ে আসছে জোড়া হারিকেন। ছবি: এবিসি নিউজ

  • 0

হারিকেন কিকো ক্যাটাগরি ৪-এর শক্তি নিয়ে এগোচ্ছে, আর হারিকেন লোরেনা মেক্সিকোর পশ্চিম উপকূলে অবস্থান করছে।

মেক্সিকো ও অ্যামেরিকার দিকে একসঙ্গে দুটি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ধেয়ে আসছে। এই ঘূর্ণিঝড়গুলো আগামী কয়েক ঘণ্টার মধ্যে আঘাত হানতে পারে।

চলতি সপ্তাহে প্রশান্ত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দুটি হলো হারিকেন কিকো ও হারিকেন লোরেনা। হারিকেন কিকো ক্যাটাগরি ৪-এর শক্তি নিয়ে এগোচ্ছে, আর হারিকেন লোরেনা মেক্সিকোর পশ্চিম উপকূলে অবস্থান করছে।

মায়ামিভিত্তিক ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্য অনুযায়ী, কিকোর কেন্দ্রে বাতাসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ মাইল (২১৫ কিমি) এবং এএটি বর্তমানে হাওয়াইয়ের হিলো থেকে প্রায় ১,৬০৩ মাইল (২,৫৮০ কিমি) দূরে, ঘণ্টায় ৯ মাইল (১৫ কিমি) বেগে এগিয়ে চলছে।

পূর্বাভাসে বলা হয়েছে, কিকো আগামী দু-এক দিনের মধ্যে আরও শক্তিশালী হতে পারে, তবে পরে এর তীব্রতা কমার সম্ভাবনা আছে। আপাতত কোনো সতর্কতা বা বিপদ সংকেত জারি করা হয়নি।

অপরদিকে, হারিকেন লোরেনা ক্যাটাগরি ১ ঘূর্ণিঝড় হিসেবে ঘণ্টায় সর্বোচ্চ ৮১ মাইল (১৩০ কিমি) বেগে এগোচ্ছে। এটি বর্তমানে মেক্সিকোর কাবো সান লুকাস থেকে মাত্র ১৫৫ মাইল (২৫০ কিমি) দূরে অবস্থান করছে এবং ঘণ্টায় ১৬ মাইল (২৫ কিমি) বেগে এগোচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এর তীব্রতা বাড়তে পারে।

মেক্সিকোর আবহাওয়া বিভাগ ইতোমধ্যেই বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপ ও উত্তর-পশ্চিম মেক্সিকোর মানুষকে ঝড়টির অগ্রগতি নজরদারি করার জন্য সতর্ক করেছে। আবহাওয়ার পূর্বাভাসে ফ্ল্যাশফ্লাডের সম্ভাবনাও দেখানো হয়েছে।