ইসরায়েলের সমালোচকদের নিশানা করা ‘হাবিবি ইউকে’ অ্যাকাউন্টের নেপথ্যে কে?
এক্স অ্যাকাউন্ট ‘হাবিবি ইউকে’।
- 0

এক্স অ্যাকাউন্ট ‘হাবিবি ইউকে’।

প্রকাশিত: নভেম্বর ১৭ ২০২৬, ১৪:৪৬ হালনাগাদ: নভেম্বর ১৭ ২০২৬, ১৬:২৪

গাযায় ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচকদের ‘বর্ণবাদী’, ‘ঘৃণার মিছিলকারী’ ও ‘ইহুদিবিদ্বেষী’ আখ্যা দিয়ে অনলাইনে আক্রমণ চালাত বেনামি এক্স অ্যাকাউন্ট ‘হাবিবি ইউকে’। রাজনীতিবিদ, সংবাদমাধ্যমের ব্যক্তিত্ব ও অধিকারকর্মীদের লক্ষ্য করে পরিচালিত এসব অনলাইন প্রচারণার নেপথ্যে থাকা ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে ব্রিটিশ অনুসন্ধানী সংবাদমাধ্যম বাইলাইন টাইমস।
ছয় মাসের অনুসন্ধানে সংবাদমাধ্যমটি জানিয়েছে, অ্যাকাউন্টটির পরিচালনাকারী বেঞ্জামিন টেইট নামের ৬১ বছর বয়সী একজন সাবেক অ্যামেরিকান ফরেইন সার্ভিস কর্মকর্তা। পরবর্তী সময়ে তিনি বৃটেইনে একটি জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান পরিচালনা করেছেন। অনুসন্ধানের প্রাথমিক প্রতিবেদন প্রকাশের পর অ্যাকাউন্টটি থেকে আর কোনো পোস্ট করা হয়নি বলে জানিয়েছে বাইলাইন টাইমস।
২০১৫ সালের এপ্রিলে তৎকালীন টুইটারে যুক্ত হওয়া অ্যাকাউন্টটির প্রোফাইল ছবিতে ব্যবহার করা হয়েছিল রানী প্রথম এলিজাবেথের একটি রাজকীয় প্রতিকৃতি। অবস্থান হিসেবে দেওয়া ছিল ‘দ্য রিয়ালম’। অ্যাকাউন্টটির বায়োতে রানীর নামে প্রচলিত একটি উক্তিও ব্যবহার করা হয়েছিল ‘তোমার হৃদয়ে সাহস না থাকলে কখনোই আরোহণ করতে যেয়ো না।’
প্রায় ৩ লাখ এক্স পোস্ট বিশ্লেষণ করে অনুসন্ধানকারীরা দেখতে পেয়েছেন, ১৩টি বেনামি অ্যাকাউন্টের একটি নেটওয়ার্কের কেন্দ্রে ছিল ‘হাবিবি ইউকে’। অ্যাকাউন্টটি থেকে ৪২ হাজারের বেশি পোস্ট করা হয়েছিল।
গত ১০ মাসে বৃটেইনের অন্তত ১২ জন পরিচিত ব্যক্তিকে লক্ষ্য করে অনলাইন প্রচারণা চালানোর তথ্যও উঠে এসেছে অনুসন্ধানে। তাঁদের মধ্যে রয়েছেন বিবিসির সাবেক উপস্থাপক ও পেশাদার ফুটবলার গ্যারি লিনেকার, আলোকচিত্রী মিসান হ্যারিম্যান, প্রামাণ্যচিত্র নির্মাতা লুই থেরু, অভিনেত্রী ও টেলিভিশন প্যানেলিস্ট নাদিয়া সাওয়ালহা এবং গ্রিন পার্টির নেতা জ্যাক পোলানস্কি। তাঁরা সবাই ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের কর্মকাণ্ডের সমালোচনা করেছিলেন।
কে এই বেঞ্জামিন টেইট?
বেঞ্জামিন টেইট ব্রিটিশ-অ্যামেরিকান নাগরিক এবং বিখ্যাত দার্শনিক বার্ট্রান্ড রাসেলের নাতি। তিনি ওয়াশিংটন ডিসির জর্জটাউন ইউনিভার্সিটির স্কুল অব ফরেইন সার্ভিস থেকে স্নাতক সম্পন্ন করেন।
তাঁর লিংকডইন প্রোফাইলের তথ্য অনুযায়ী, টেইট দুই বছর অ্যামেরিকার স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা হিসেবে বিদেশে দায়িত্ব পালন করেন। এ সময় তাঁর পলিটিক্যাল-মিলিটারি ডিপ্লোম্যাসি ও কাউন্টারটেররিজম রিসার্চে কাজের অভিজ্ঞতা ছিল।
টেইট ও তাঁর স্ত্রী প্রায় তিন দশক ধরে ‘প্রসপেক্স রিসার্চ’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করতেন। প্রতিষ্ঠানটি ব্যাংক, পরামর্শক সংস্থা, সরকারি কর্মকর্তা ও আইনি প্রতিষ্ঠানসহ বিভিন্ন গ্রাহকের জন্য জ্বালানি বাজারবিষয়ক প্রতিবেদন তৈরি করত। জ্বালানি বাজার নিয়ে টেইটের বিশ্লেষণ ও বক্তব্য রয়টার্স, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এবং ডাও জোন্সের মতো সংবাদমাধ্যমে উদ্ধৃত হতো। গত সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটি ভলান্টারি লিকুইডেশনে যায়।
বাইলাইন টাইমসের অনুসন্ধানে আরও জানা গেছে, অন্তত ২০০৮ সাল থেকেই বৃটেইনের রাজনৈতিক ব্লগ ‘হ্যারিস প্লেসে’ ‘হাবিবি’ ছদ্মনামে লিখতেন টেইট। ব্লগটিতে তাঁর প্রাথমিক লেখাগুলোর বড় অংশজুড়ে ছিল কথিত ‘ইসলামপন্থী চরমপন্থা’ নিয়ে আলোচনা। এসব লেখায় অধিকারকর্মী ইসমাইল প্যাটেল ও ফিলিস্তিনি সহায়তা সংস্থা ইন্টারপালের মতো বিষয়ও উঠে এসেছিল।
জেরেমি করবিনবিরোধী প্রচারণায় টেইটের ভূমিকা কী ছিল?
‘বাইলাইন টাইমস’-এর উদ্ধৃত ‘কোম্পানিজ হাউস’-এর নথি অনুযায়ী, বৃটেনের ২০১৯ সালের নির্বাচনের আগে ‘এমটিসিএই লিমিটেড’-এর একমাত্র পরিচালক ও মালিক ছিলেন টেইট। প্রতিষ্ঠানটি ‘মেইনস্ট্রিম’ নামে একটি স্বাধীন নির্বাচনী প্রচারণা দল পরিচালনা করত।
সাবেক লেবার এমপি ও ইসরায়েলে বৃটেনের সাবেক বাণিজ্য দূত ইয়ান অস্টিন দলটি প্রতিষ্ঠা করেন। অতি-বাম ও কট্টর-ডানপন্থীদের ‘চরমপন্থা’ ঠেকাতে দলটি গড়ার দাবি করা হলেও বাইলাইন টাইমস দেখেছে, এর সব ফেসবুক বিজ্ঞাপনই ছিল লেবার পার্টিবিরোধী। এর একটিতে জেরেমি করবিনকে ‘জাতীয় নিরাপত্তার হুমকি’ হিসেবে দেখানো হয়।
নির্বাচন কমিশনের নথিতে দেখা যায়, প্রতিষ্ঠানটি ওই প্রচারণায় প্রায় দশমিক ১৭ মিলিয়ন ডলার ব্যয় করেছিল। এর মধ্যে আনুষঙ্গিক খরচ ও প্রশাসনিক কাজের জন্য টেইটকে প্রায় দশমিক ০১ মিলিয়ন ডলার পরিশোধ করা হয়। তবে নির্বাচনী ব্যয়ের ওই বিবরণীতে কোনো দাতার নাম উল্লেখ করা হয়নি।
কারা ছড়িয়ে দিত ‘হাবিবি ইউকে’র পোস্ট?
২০২১ সালের মার্চে অধ্যাপক ডেভিড মিলারের আইনি পদক্ষেপের পর বৃটেনের হাইকোর্ট টুইটারকে ‘হাবিবি ইউকে’ অ্যাকাউন্টের পরিচালনাকারীর পরিচয়সংক্রান্ত তথ্য প্রকাশের নির্দেশ দেয়। তবে তখন তাঁর পরিচয় প্রকাশ্যে আসেনি। ২০২২ সালের অক্টোবরে ইলন মাস্ক টুইটারের মালিকানা গ্রহণ করার পর অ্যাকাউন্টটির প্রভাব আরও বাড়ে।
বাইলাইন টাইমসের অনুসন্ধানে দেখা গেছে, সাবেক লেবার এমপি ইয়ান অস্টিন অন্তত ৩৪ বার এবং হাউস অব লর্ডসের সদস্য জন উডকক ৩২ বার অ্যাকাউন্টটির পোস্ট শেয়ার করেছেন। জিউইশ লিডারশিপ কাউন্সিলের ডেভিড টুবেও অসংখ্যবার পোস্টগুলো ছড়িয়ে দিয়েছেন।
এ ছাড়া ২০২২ সালে লেস্টারে হিন্দু-মুসলিম উত্তেজনা নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে ব্রিটিশ থিংকট্যাংক হেনরি জ্যাকসন সোসাইটি ‘হাবিবি ইউকে’র পোস্ট নয়বার উদ্ধৃত করেছিল।
সূত্র: আল জাজিরা ও বাইলাইন টাইমস।
