অ্যামেরিকা ও সাউথ কোরিয়ার চলমান যৌথ সামরিক মহড়ার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে নর্থ কোরিয়া। এই মহড়া উসকানিমূলক ‘যুদ্ধের মহড়া’ এবং এর জবাবে তারা শক্ত প্রতিক্রিয়া জানাবে বলে সতর্ক করা হয়েছে।
নর্থ কোরিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি-কেসিএনএ মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য।
বার্তা সংস্থাটির প্রতিবেদনে জানানো হয়, নর্থ কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন।
দেশটির প্রভাবশালী এ নেত্রী বলেন, ‘অ্যামেরিকা ও সাউথ কোরিয়ার ‘ফ্রিডম শিল্ড’ মহড়া কোনো সামরিক খেল নয়, বরং নর্থ কোরিয়ার বিরুদ্ধে সংঘাতের প্রস্তুতি।’
তার ভাষ্য, এ ধরনের পদক্ষেপ নর্থ কোরিয়ার সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি এবং এর ভয়াবহ পরিণতি হতে পারে।
দ্য ডিপ্লোম্যাট জানায়, অ্যামেরিকা ও সাউথ কোরিয়ার যৌথ উদ্যোগে ৯ মার্চ থেকে ফ্রিডম শিল্ড নামে বার্ষিক সামরিক মহড়া শুরু হয়েছে। এতে ১৮ হাজারের বেশি সেনা অংশ নিয়েছেন।
অ্যামেরিকা ও সাউথ কোরিয়া জানায়, মহড়াটি প্রতিরক্ষামূলক এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য করা হচ্ছে।
তবে নর্থ কোরিয়া দীর্ঘদিন ধরে এ ধরনের মহড়াকে তাদের বিরুদ্ধে আক্রমণের প্রস্তুতি হিসেবে দেখছে।
এবারের মহড়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই ও তথ্যযুদ্ধের প্রযুক্তি ব্যবহারের বিষয়টি উল্লেখ করে কিম ইয়ো জং জানান, এতে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে।