শিক্ষা, চিকিৎসায় কমিয়ে প্রতিরক্ষায় বাজেট বাড়াচ্ছেন ট্রাম্প

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ২ ২০২৫, ২১:৩৪

ফ্লোরিডার পাম বিচ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বৃহস্পতিবার এয়ার ফোর্স ওয়ান থেকে নামার পর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অভিব্যক্তি। ছবি: রয়টার্স

ফ্লোরিডার পাম বিচ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বৃহস্পতিবার এয়ার ফোর্স ওয়ান থেকে নামার পর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অভিব্যক্তি। ছবি: রয়টার্স

  • 0

দ্বিতীয় মেয়াদের প্রথম বাজেটে প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করছেন ট্রাম্প। তিনি সীমান্ত নিরাপত্তার জন্য ব্যয় বাড়ানোর পাশাপাশি ফেডারেল আমলাতন্ত্রের পরিসর কমিয়ে আনতে চাইছেন।

অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন শুক্রবার বাজেটে ১৬৩ বিলিয়ন ডলার কাটছাঁটের প্রস্তাব করেছে, যা আগামী বছর শিক্ষা, আবাসন ও চিকিৎসা গবেষণার ওপর ব্যয় ব্যাপকভাবে কমিয়ে দেবে।

বাজেটে প্রতিরক্ষা ও সীমান্ত নিরাপত্তার জন্য বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করেছে প্রশাসন।

ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন বলেছে, প্রস্তাবিত বাজেটে ২০২৫ সালের অনুমোদিত পর্যাায়ের তুলনায় হোমল্যান্ড সিকিউরিটি খাতে ব্যয় প্রায় ৬৫ শতাংশ বাড়ানো হবে। অবৈধ অভিবাসনের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন ট্রাম্প।

হোয়াইট হাউয অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট (ওএমবি) এক বিবৃতিতে জানায়, প্রতিরক্ষা ছাড়া অন্যান্য স্বেচ্ছাধীন ব্যয়—যেখানে বিশাল সামাজিক নিরাপত্তা ও মেডিকেয়ার কর্মসূচি এবং জাতীয় ঋণের ক্রমবর্ধমান সুদ পরিশোধ অন্তর্ভুক্ত নয় — ২৩ শতাংশ কমিয়ে আনা হবে। এ সংখ্যাটা ২০১৭ সালের পর সর্বনিম্ন।

রয়টার্স জানায়, প্রস্তাবিত বাজেটে কর আদায়কারী সংস্থা ইন্টারনাল রেভিনিউ সার্ভিসের (আইআরএস) জন্য বরাদ্দে দুই বিলিয়ন ডলারের বেশি কাটছাঁট করা হবে। অন্যদিকে ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ (এনআইএইচ) এবং সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) জন্য বাজেট ৪০ শতাংশের বেশি কমানো হবে।

বার্তা সংস্থাটির খবরে বলা হয়, দ্বিতীয় মেয়াদের প্রথম বাজেটে প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করছেন ট্রাম্প। তিনি সীমান্ত নিরাপত্তার জন্য ব্যয় বাড়ানোর পাশাপাশি ফেডারেল আমলাতন্ত্রের পরিসর কমিয়ে আনতে চাইছেন।

কংগ্রেসের ডেমোক্র্যাটরা অভ্যন্তরীণ ব্যয়ের এ হ্রাসকে অত্যন্ত কঠোর বলে সমালোচনা করেছেন। অন্যদিকে কিছু রিপাবলিকান প্রতিরক্ষা ও অন্যান্য ক্ষেত্রে ব্যয় বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

প্রস্তাবিত বাজেটের বিষয়ে ওএমবির পরিচালক রাস ভট এক বিবৃতিতে বলেন, ‘গুরুত্বপূর্ণ এ মুহূর্তে আমাদের এমন এক ঐতিহাসিক বাজেট দরকার, যা আমাদের অধঃপতনের জন্য অর্থায়ন বন্ধ করবে, অ্যামেরিকানদের অগ্রাধিকার দেবে এবং আমাদের সামরিক বাহিনী ও হোমল্যান্ড সিকিউরিটিকে নজিরবিহীন সহায়তা দেবে।’

হ্যারিটেজ ফাউন্ডেশনে থাকাকালীন ফেডারেল সরকারের ব্যাপ্তি কমানোর রোডম্যাপ ‘প্রজেক্ট ২০২৫’-এর স্থপতি ছিলেন রাস ভট।

নির্বাচনি প্রচারের সময় ট্রাম্প নিজেকে এ রোডম্যাপ থেকে দূরে রাখলেও ক্ষমতায় ফিরে এসে ভটকে বাজেটবিষয়ক সর্বময় কর্তৃত্ব দেন তিনি।

প্রস্তাবিত বাজেট ডিপার্টমেন্ট অব এযুকেশন একেবারে বন্ধ করে দেওয়া কিংবা বিভাগটিকে ব্যাপকভাবে সংকুচিত করা নিয়ে ট্রাম্পের প্রতিশ্রুতি বাস্তবায়নকে আরও বেগবান করবে। এতে এ ডিপার্টমেন্টের জন্য বরাদ্দ প্রায় ১৫ শতাংশ কমানো হয়েছে।