


প্রকাশিত: নভেম্বর ২৫ ২০২৬, ১৭:৩৯ হালনাগাদ: নভেম্বর ২৫ ২০২৬, ১৭:৪১
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় বন্যাকবলিত সোনার খনির কাছে নিখোঁজ শ্রমিকদের তথ্যের অপেক্ষায় স্বজনেরা। ছবি : রয়টার্স।
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের একটি অবৈধ সোনার খনিতে বন্যার পানিতে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় খনির ভেতরে আরও ১৭ জন আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
বুধবার (২৫ নভেম্বর) দেশটির উদ্ধারকারী সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।
প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাতে প্রবল বৃষ্টির কারণে বোঘর অঞ্চলের সিসেউরেহ নদীর পানি উপচে খনির ভেতরে ঢুকে পড়ে। ওই সময় খনির প্রায় ১০০ মিটার গভীর একটি সুড়ঙ্গে সোনা খুঁজছিলেন শ্রমিকেরা। মুহূর্তের মধ্যে পানিতে ভরে যায় খনির ভেতরের অংশ।
পশ্চিম জাভা পুলিশের মুখপাত্র হেন্দ্রা রোচমাওয়ান জানান, পানি ঢোকার আগেই খনির একটি অংশ থেকে ১১ জন শ্রমিক বেরিয়ে আসতে সক্ষম হন। পরে স্থানীয় শ্রমিক ও বাসিন্দারা নিজেরাই পাম্পের সাহায্যে পানি সরানোর চেষ্টা করেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে উদ্ধার অভিযান শুরু করার উদ্যোগ নেওয়া হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, খনিটি অবৈধভাবে পরিচালিত হওয়ায় দুর্ঘটনার পরপরই প্রশাসনকে জানানো হয়নি। প্রায় ১৬ ঘণ্টা পর পুলিশ প্রথম আটকে পড়া শ্রমিকদের বিষয়ে খবর পায়।
বোঘর দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার জরুরি ও লজিস্টিক বিভাগের প্রধান মুহাম্মদ আদম হামদানি বলেন, খনির কার্যক্রম অবৈধ হওয়ায় কেউ বিষয়টি জানাতে চাননি। ফলে উদ্ধার অভিযান শুরু করতেও দেরি হয়েছে।
জাকার্তা অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান দেশিয়ানা কার্তিকা বাহারি জানান, খনির ভেতরে পানির উচ্চতা এখনো কমেনি। পানি সরাতে দীর্ঘ সময় লাগতে পারে। উদ্ধারকাজে ডুবো পানির পাম্প ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি ভূগর্ভ থেকে পানি প্রবেশের পথগুলো বন্ধ করার চেষ্টা চলছে।
তিনি বলেন, পানির উচ্চতা, খনিতে প্রবেশের সরু পথ, পিচ্ছিল ভূমি এবং পর্যাপ্ত আলোর অভাব উদ্ধারকাজকে কঠিন করে তুলেছে। এ অভিযানে উদ্ধারকর্মী, পুলিশ, সেনাবাহিনী, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকসহ ৩২৫ জন অংশ নিয়েছেন।
বুধবার দুপুরের পর প্রথম মরদেহ উদ্ধার করা হয়। এরপর একে একে আরও আটজনের মরদেহ পাওয়া যায়। উদ্ধারকারী সংস্থার তথ্য অনুযায়ী, খনির দুটি পাশাপাশি সুড়ঙ্গ থেকে ৩০ থেকে ৭০ মিটার গভীরতায় তাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
খনিটি রাষ্ট্রায়ত্ত খনি প্রতিষ্ঠান পিটি আন্তামের পংকর সোনার খনি এলাকার কাছাকাছি অবস্থিত। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, দুর্ঘটনাটি তাদের পরিচালিত কোনো খনিতে ঘটেনি। তাদের সব কর্মী নিরাপদে আছেন এবং নিয়মিত কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।
প্রতিষ্ঠানটির মুখপাত্র উইসনু দানান্দি হারিয়ান্তো বলেন, মানবিক বিবেচনায় উদ্ধার ও মরদেহ সরিয়ে নেওয়ার কাজে সহায়তা করছে পিটি আন্তাম।
ইন্দোনেশিয়ায় অনানুষ্ঠানিক ও অবৈধ খনির কার্যক্রম বেশ প্রচলিত। দেশটির বিভিন্ন খনিজসমৃদ্ধ প্রত্যন্ত অঞ্চলে হাজার হাজার মানুষ জীবিকার তাগিদে এসব খনিতে কাজ করেন। তবে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় তাঁদের প্রায়ই দুর্ঘটনার ঝুঁকিতে পড়তে হয়।
ভূমিধস, বন্যা ও খনির সুড়ঙ্গ ধসে পড়ার মতো দুর্ঘটনা এসব খনিতে প্রায়ই ঘটে। এ ছাড়া সোনা প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত পারদ ও সায়ানাইডের মতো বিষাক্ত রাসায়নিকের সংস্পর্শেও শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। অনেক ক্ষেত্রে তাঁরা প্রয়োজনীয় সুরক্ষাসামগ্রী ছাড়াই কাজ করেন।
