সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আমেরিকার মধ্যস্থতায় দুই দিনের বৈঠক শেষে বড় পরিসরে যুদ্ধবন্দি বিনিময়ে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। তবে যুদ্ধ বন্ধে কোনো বড় ধরনের অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে শান্তি আলোচনা।
বুধবার (১১ নভেম্বর) বৈঠক শেষে রাশিয়ার প্রধান আলোচক ভ্লাদিমির মেদিনস্কি জানান, দুই দেশ নীতিগতভাবে বড় পরিসরে বন্দিবিনিময়ে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত শর্ত ও বন্দির সংখ্যা পরে ঘোষণা করা হবে।
আমেরিকার বিশেষ দূত জ্যারেড কুশনার জানিয়েছেন, বন্দিবিনিময়ের চূড়ান্ত সংখ্যা বৃহস্পতিবার নির্ধারণ করা হতে পারে। তিনি বলেন, এটি হতে পারে দুই দেশের মধ্যে সবচেয়ে বড় মানবিক বন্দিমুক্তির উদ্যোগগুলোর একটি।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, এক হাজারের বিনিময়ে এক হাজার কিংবা দেড় হাজারের বিনিময়ে দেড় হাজার যুদ্ধবন্দি মুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে। তবে চূড়ান্ত চুক্তিতে কতজন বন্দি বিনিময় হবে, তা এখনো নিশ্চিত নয়।
চলতি বছরের ফেব্রুয়ারিতে জেনেভায় আলোচনার পর এটি ছিল রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রথম সরাসরি আলোচনা। দুই দিনের এ বৈঠকে আমেরিকার পক্ষে অংশ নেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রুস্তেম উমেরভ। অন্যদিকে রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ভ্লাদিমির মেদিনস্কি।
আলোচনায় সবচেয়ে জটিল বিষয় হিসেবে উঠে এসেছে ইউক্রেনের ভূখণ্ডের নিয়ন্ত্রণ ও যুদ্ধ-পরবর্তী নিরাপত্তাব্যবস্থা। যু কুশনার বলেন, ভূখণ্ডসংক্রান্ত বিরোধের সমাধান সবচেয়ে কঠিন হবে। তবে যুদ্ধ-পরবর্তী নিরাপত্তাকাঠামো নিয়ে কিছু অগ্রগতি হয়েছে।