প্রয়াত শিশু যৌন নীপিড়ক ও নারী পাচারকারী জেফরি এপস্টিনের নথি সংক্রান্ত বিষয়ে রুদ্ধদ্বার জবানবন্দি দিতে রাজি হওয়ায় সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে কংগ্রেস অবমাননার অভিযোগ পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন হাউস ওভারসাইট কমিটির রিপাবলিকান চেয়ারম্যান জেমস কমার।
এর আগে গত মাসে এপস্টিনের নথির বিষয়ে ক্লিনটন দম্পতিকে রুদ্ধদ্বার জবানবন্দি দিতে বলে হাউস ওভারসাইট কমিটি, কিন্তু তারা এতে অস্বীকৃতি জানান।
যার ফলে বুধবার এ দম্পতির বিরুদ্ধে কংগ্রেস অবমাননার অভিযোগে দুটি প্রস্তাবে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেয় কমিটি।
এবিসি নিউজ জানায়, এমন বাস্তবতায় শর্তসাপেক্ষে সোমবার সন্ধ্যায় নথি সংক্রান্ত জবানবন্দি দিতে রাজি হন বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটন।
জবানবন্দি প্রদানে শর্তগুলো হলো মৌখিক জবানবন্দির পরিবর্তে ৪ ঘণ্টার লিখিত সাক্ষ্য দেওয়া হবে, শুধু এপস্টিন নথি সংক্রান্ত প্রশ্ন করা হবে ও তার আগে কংগ্রেস অবমাননার অভিযোগ প্রত্যাহার করতে হবে।
এসব শর্তের ভিত্তিতে জবানবন্দি দিতে সম্মতির কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেন ক্লিনটন দম্পতির মুখপাত্র অ্যাঞ্জেল উরেনা।
ওই পোস্টে বলা হয়,’তারা সৎভাবে সমঝোতা করছিলেন, আপনারা তা করেননি। তারা শপথের অধীন কি জানেন তা বলেছিলেন, আপনারা ভ্রুক্ষেপ করেননি, কিন্তু সাবেক রেসিডেন্ট ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী তারপরও হাজির হবেন।
‘তারা এমন দৃষ্টান্ত স্থাপন করতে চান যেখানে আইন সবার জন্য সমান।’
তবে ক্লিনটন দম্পতির শর্তে আপত্তি জানিয়েছেন কমার। তার ভাষ্য, লিখিত জবানবন্দিতে কোনো উত্তর না দিতে পারার সুযোগ রয়েছে। একইসঙ্গে নথি সংক্রান্ত প্রশ্নের বাইরে প্রশ্ন করার সুযোগ না থাকলে এপস্টিন ও তার সহযোগী ঘিসলেইন ম্যাক্সওয়েলের সঙ্গে ব্যক্তিগত পরিচয়, সম্পর্ক ও তথ্য থাকলে জানা সম্ভব নয়। ৪ ঘণ্টা সময়সীমা বেঁধে দেওয়ার বিষয়েও আপত্তি জানান কমার।
কমার আরও জানান, শর্তগুলো নিয়ে হাউস অব কমিটিতে আলোচনা করা হবে। পরবর্তিতে কংগ্রেস অমান্যের বিষয়টি পুনরায় বিবেচনা করা হবে।