নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে দীর্ঘদিন ধরে অবহেলিত দুটি আবাসিক ভবনের মালিকদের বিরুদ্ধে ৩১ মিলিয়ন ডলারের সমঝোতা অর্জন করেছে সিটি কর্তৃপক্ষ।
আইউইটনেস নিউজ জানায়, বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সিটির মেয়র জোরান মামদানি ও হাউজিং কর্তৃপক্ষ।
মামদানি জানান, বোরোর রবার্ট ফুলটন টেরেস ও ফোর্ডহ্যাম টাওয়ারস-এর মালিকদের বিরুদ্ধে এ আইনি সমঝোতা হয়েছে।
মেয়র প্রশাসনের তথ্য অনুযায়ী, আবাসিক ভবন দুটির ভাড়াটিয়ারা বছরের পর বছর মালিকদের কাছে গরম পানির অভাবসহ নানা মৌলিক সেবার ঘাটতির অভিযোগ করে আসছিলেন। তবে এসব সমস্যার সমাধান না করলেও, তাদের নিয়মিত ভাড়া পরিশোধ করতে হতো।
আর্থিক সমঝোতার পর ভুক্তভোগী ভাড়াটিয়ারা জানান, দীর্ঘদিনের দুর্ভোগের পর এমন পদক্ষেপ তাদের জন্য স্বস্তির। তবে মৌলিক সুবিধা থেকে বঞ্চিত থাকার জন্য তারা কোনো ক্ষতিপূরণ পাবেন কি না, জানতে চান অনেকে।
আদালতের নির্দেশ অনুযায়ী, প্রাথমিকভাবে সমঝোতার অর্থ থেকে ৯ লাখ ডলার ভবন দুটির জরুরি মেরামত ও সংস্কার কাজে ব্যবহার করা হবে।
দ্রুত মেরামত শুরুর পাশাপাশি তদারকির জন্য একজন প্রধান রিসট্রাকচারিং অফিসার নিয়োগ দেওয়া হবে।
ইতোমধ্যে অর্থ আদায়ে মালিকদের ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করা হয়েছে।