৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে বাংলাদেশ সরকার
ছবি : বাসস
- 0

ছবি : বাসস

প্রকাশিত: নভেম্বর ১৬ ২০২৬, ১৬:১৩
দেশের স্বাস্থ্য খাতের জনবল সংকট কমাতে প্রায় ৪ হাজার চিকিৎসক এবং সমসংখ্যক সিনিয়র স্টাফ নার্স ও নার্সিং কর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। পাশাপাশি দেশের ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল নির্মাণের প্রক্রিয়াও শুরু হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে এক নোটিশের জবাবে এসব তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত। সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের উত্থাপিত জনস্বার্থসংশ্লিষ্ট নোটিশের জবাবে তিনি স্বাস্থ্য খাতের জনবল নিয়োগ ও অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেন।
প্রতিমন্ত্রী জানান, চিকিৎসক নিয়োগের অংশ হিসেবে ৪৬তম বিসিএসের মাধ্যমে ১ হাজার ৬৮২ জন, ৪৭তম বিসিএসের মাধ্যমে ১ হাজার ৩৩১ জন এবং ৫০তম বিসিএসের মাধ্যমে ৬৫০ জন সহকারী সার্জন নিয়োগের প্রক্রিয়া চলছে।
নার্স নিয়োগের বিষয়ে তিনি বলেন, ৮২৮টি সিনিয়র স্টাফ নার্স পদে সরাসরি নিয়োগের জন্য গত ২৮ সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া ১ হাজার ৫৬৬টি শূন্য পদে নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠানো হয়েছে। আরও ১ হাজার ৭৭৫টি পদে নিয়োগের প্রস্তাব পাঠিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।
এ ছাড়া ৫৫৮ জন মিডওয়াইফ নিয়োগের সুপারিশ করা হয়েছে। তাঁদের পুলিশ ভেরিফিকেশন চলছে। আরও ১ হাজার ২৫৬টি মিডওয়াইফ পদে নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠানো হয়েছে।
স্বাস্থ্যসেবার অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ-সংক্রান্ত প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদনের প্রক্রিয়া চলছে। অনুমোদন পাওয়া গেলে নবগঠিত মধ্যনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজও শুরু হবে।
কামরুজ্জামান কামরুলের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, নতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নকশায় চিকিৎসকদের আবাসনের ব্যবস্থাও রাখা হচ্ছে। এর মাধ্যমে চিকিৎসকদের নিরাপদ আবাসন নিশ্চিত করে কর্মস্থলে উপস্থিতি ও দায়িত্ব পালনের পরিবেশ উন্নত করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতের জনবল সংকট দূর করতে সরকার নিয়োগ কার্যক্রম শুরু করেছে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে এ খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সংসদে প্রতিমন্ত্রী বলেন, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শুধু হাসপাতাল নির্মাণ নয়, প্রয়োজনীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগও জরুরি। এ লক্ষ্যে জনবল ও অবকাঠামো উন্নয়নে সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে।
