ধূমপানমুক্ত প্রজন্ম তৈরি করতে এক চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেইন। দেশটির পার্লামান্টে আজ (বুধবার) পাস হয়েছে ‘টোবাকো অ্যান্ড ভেপস বিল’।
নতুন এই আইনের আওতায় ব্রিটেইনে অবস্থানরত ১৭ বছর বা তার কম বয়সী ছেলে-মেয়েদের জন্য আজীবন তামাকজাত পণ্য কেনা নিষিদ্ধ করতে যাচ্ছে দেশটির সরকার।
বিলটিতে বলা হয়েছে, ২০০৯ সালের পহেলা জানুয়ারি বা তার পরে জন্ম নেওয়া কেউ ভবিষ্যতে কখনও বৈধভাবে তামাকজাত পণ্য কিনতে পারবে না। কারণ সরকারের লক্ষ্য, ধীরে ধীরে একটি ধূমপানমুক্ত প্রজন্ম তৈরি করা।
এছাড়া শিশুদের বহনকারী গাড়ির ভেতরে, খেলার মাঠে, স্কুলের বাইরে এবং হাসপাতালের বাইরে ধূমপান, ভেপিং নিষিদ্ধ করা হবে নতুন আইনে। তবে ধূমপান ছাড়তে চেষ্টারত ব্যক্তিদের জন্য হাসপাতালের বাইরে ধূমপান ও ভেপিংয়ের ব্যবস্থা থাকবে।
সেইসঙ্গে পাব বাগান, সৈকত এবং ব্যক্তিগত খোলা জায়গার মতো এলাকাগুলো এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। পাশাপাশি, বাড়ির ভেতরে ধূমপান ও ভেপিং আগের মতো বৈধ থাকবে।
সংবাদমাধ্যম বিবিসি জানায়, আইনটি কার্যকর হওয়ার পর সরকারের হাতে তামাক, ভেপিং এবং নিকোটিনজাত পণ্যের ওপর নিয়ন্ত্রণ বাড়ানোর নতুন ক্ষমতা থাকবে।
পার্লামেন্ট সদস্যদের কাছ থেকে পাস হওয়া বিলটি এখন কার্যকর হতে রাজকীয় সম্মতির অপেক্ষায় আছে।