জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয় (ইউ.এন.ও.ডি.সি) এবং ইউএন উইমেনের নতুন তথ্য অনুযায়ী, গত বছর প্রায় ৪৭ হাজার নারী ও মেয়েকে তাদের ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যরা ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত ‘২০২৬ নারীহত্যা বিষয়ক সংক্ষিপ্ত বিবরণী’-তে দেখা গেছে, একজন নারী বা মেয়ের জন্য বাড়িই সবচেয়ে বিপজ্জনক জায়গা হিসেবে রয়ে গেছে। ইউএন উইমেন এর বিবৃতিতে বলা হয়, বছরের পর বছর ধরে এই চিত্রে খুব সামান্যই পরিবর্তন এসেছে।
জাতিসংঘ জানায়, ২০২৫ সালের ৭৮ হাজার নারীহত্যার প্রায় ৬০ শতাংশই ঘনিষ্ঠসঙ্গী বা পরিবারের সদস্যদের দ্বারা সংঘটিত হয়েছে। এর অর্থ হলো, গড়ে প্রতি ঘণ্টায় পাঁচজন নারী বা দিনে ১২৯ জন নারী নিহত হচ্ছেন।
জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে, যদিও ৪৭ হাজার সংখ্যাটি ২০২৪ সালের আনুমানিক ৫০ হাজার ভুক্তভোগীর হিসাব থেকে কম, তবে এই পরিবর্তনটি প্রকৃত কোনো হ্রাসের ইঙ্গিত দেয় না। বরং গত বছরও বিশ্বজুড়ে নারী হত্যা সংঘটিত হয়, কোনো অঞ্চলই এই ধরনের সহিংসতা থেকে নিরাপদ ছিল না।
জাতিসংঘের নারী সংস্থা বলেছে, ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যের হাতে নারী হত্যার শিকারের হারের দিক থেকে আফ্রিকা মহাদেশ শীর্ষে রয়েছে। এরপরেই রয়েছে আমেরিকা। পরবর্তী তালিকায় রয়েছে ওশেনিয়া (১:৪), এশিয়া (১:১) এবং ইউরোপ (০:৫)।
ইউএনওডিসি-র নির্বাহী পরিচালক মনিকা জুমা বলেন, “আমরা বহু দিন ধরে উদ্বেগজনক পরিসংখ্যান দেখে আসছি। ভীতিজনক মানসিকতা, সামাজিক রীতিনীতি এবং প্রাতিষ্ঠানিক সুরক্ষা ব্যবস্থার ব্যর্থতা এমন একটি পরিবেশ তৈরি করে, যেখানে স্ত্রী, কন্যা, মা বা বোনকে হত্যা করা ‘সহনীয়’ হয়ে ওঠে।”
জাতিসংঘের এই কর্মকর্তা সমাজের সর্বস্তরে ইতিবাচক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। সংস্থাটির মতে, নারীহত্যা খুব কমই একটি বিচ্ছিন্ন ঘটনা, বরং এটি সহিংসতা, হুমকি ও নির্যাতনের এক দীর্ঘ শৃঙ্খলের শেষ পরিণতি। তবুও, বেশিরভাগ নারী ও মেয়ে কখনো সাহায্য চায় না বা সুরক্ষাহীন অবস্থায় থাকে, আর অপরাধীরা সারাজীবন বিচার এড়িয়ে যায়।
সংস্থাটির নির্বাহী পরিচালক সিমা বাহুস বলেন, ‘আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যেন নারীরা নিরাপদে সহিংসতার অভিযোগ জানাতে পারেন, সুরক্ষা পেতে পারেন এবং খুব দেরি হয়ে যাওয়ার আগেই সহায়তা লাভ করতে পারেন।’