মধ্য আমেরিকার দেশ পানামায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
ইউএস জিওলজিক্যাল সারভে-ইউএসজিএসের তথ্য অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টার কিছু আগে এ ভূমিকম্পটি আঘাত হানে।
সংবাদমাধ্যম এবিসি নিউজ জানায়, ভূমিকম্পের পর ভবন ধসে পড়া, যানবাহন ক্ষতিগ্রস্ত হওয়া এবং রাস্তায় ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকার ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে। বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতেও দেখা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ইউএসজিএস জানিয়েছে, পানামার প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কাছের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল দেশটির পিতালোৎসা আরিবা এলাকার ১২ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে।
পানামার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, মূল ভূমিকম্পের পর ১২টিরও বেশি পরাঘাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে রিও গ্রান্দে জনপদের কাছে ৬ দশমিক ৬ মাত্রার এবং এল কাকাও এলাকার কাছে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প ছিল।
ভূমিকম্পের পর দেশের সব সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়।
পানামার জাতীয় বেসামরিক সুরক্ষা সংস্থা এবিসি নিউজকে জানিয়েছে, আপাতত আন্তর্জাতিক সহায়তা চাওয়ার পরিকল্পনা নেই। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে।
স্টেট সেক্রেটারি মার্কো রুবিও এক বিবৃতিতে জানিয়েছে, তিনি পানামায় ভূমিকম্পের বিষয়ে পাওয়া প্রতিবেদনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
তিনি বলেন, “অ্যামেরিকা পানামার জনগণের পাশে রয়েছে। পানামা সরকারের অনুরোধে সহায়তার জন্য ইউএস স্টেট ডিপার্টমেন্ট দ্রুত প্রয়োজনীয় সম্পদ ও কর্মী মোতায়েন করছে।”
ভূমিকম্পের পর প্রাথমিকভাবে ওই অঞ্চলে সম্ভাব্য সুনামির বিষয়ে সতর্কতা জারি করে অ্যামেরিকার সুনামি সতর্কতা ব্যবস্থা।
সতর্কতায় বলা হয়েছিল, কোস্টারিকা, এল সালভাদর, পেরু, মেক্সিকো, গুয়াতেমালা, পানামা, নিকারাগুয়া, কলম্বিয়া ও ইকুয়েডরের কয়েকটি উপকূলে বিপজ্জনক সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে। তবে পরে সুনামির আশঙ্কা কমে আসে।