হরমুজ প্রণালি খুলতে ইরানকে দেওয়া প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কঠোর সময়সীমার বাকি আর মাত্র কয়েক ঘণ্টা।
সর্বশেষ সোমবার ট্রাম্পের দেওয়া হুমকি অনুযায়ী, মঙ্গলবার অ্যামেরিকান সময় রাত ৮টার ভিতর হরমুজ প্রণালি খুলতে সম্মত না হলে ইরানের প্রত্যেক সেতু, বিদ্যুৎকেন্দ্রসহ সব ধরনের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে।
এ পরিস্থিতিতে প্রণালি উন্মুক্ত কিংবা যুদ্ধ বন্ধের বার্তা না দিয়ে অ্যামেরিকাকে ১০ দফা প্রস্তাব জানিয়েছে ইরান। পাশাপাশি হামলা প্রতিরোধে সর্বাত্মক লড়াইয়ের ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
ইরানের ১০ দফা প্রস্তাবের মধ্যে আছে ইরানের ওপর আর কোনো হামলা না হওয়ার নিশ্চয়তা, লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহর ওপর ইসরায়েলের হামলা বন্ধ করা, ২০ ডলার ফি এর বিনিময়ে হরমুজ প্রণালিতে পুনরায় জাহাজ চলাচল ব্যবস্থা চালু করা।
সেই সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, ট্রাম্পের হামলা প্রতিরোধে জীবন দিতে প্রস্তুত আছেন ১৪ মিলিয়ন তথা ১ কোটি ৪০ লাখ ইরানি নাগরিক।
মঙ্গলবার হামলার সময় যখন ঘনিয়ে আসছে, ‘তখন পেজেশকিয়ান এক ফেসবুক বার্তায় বলেন, ১৪ মিলিয়নেরও বেশি ইরানি নাগরিক ইরানকে বাঁচাতে তাদের জীবন দেওয়ার ঘোষণা দিয়েছেন।
‘আমিও ইরানের জন্য আমার জীবন দিতে প্রস্তুত ছিলাম, আছি, থাকব।‘